হাজীগঞ্জে শিশুকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জে ঘরে ঢিল মারায় এমরান হোসেন (১২) নামের এক শিশুকে কোদাল দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। গত রোববার বিকেলে হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় গ্রামে এই ঘটনা ঘটে।
এমরান হোসেন টোরাগড় গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। বর্তমানে শিশুটি আশঙ্কাজনক অবস্থায় ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন।
আহত শিশুর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, টোরাগড় গ্রামের দক্ষিণপাড়ার ইউছুফ ব্যাপারীর ছেলে আবদুল কাদের ব্যাপারী আনোয়ার হোসেন প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে তাঁর বোনের নির্মাণাধীন একটি ভবনের তদারকি করছেন। তিনি সেখানে একটি ছোট্ট ঘরে থাকেন। এমরান, নাজমুলসহ কয়েকজন শিশু প্রতিনিয়ত তাঁর ঘরে ঢিল ছুড়ত। রোববার সকালেও তারা এ কাজ করেছে। এর জের ধরে রোববার বিকেলে ঘটনাস্থলে এমরানকে একা পেয়ে কাদের তার মাথায় কোদাল দিয়ে কোপ মারেন। এমরানের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রাতেই তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
ঘটনার পর কাদের ব্যাপারীকে স্থানীয় জনতা মারধর করে আটকে রাখেন। খবর পেয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এমরান হোসেন ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দেন। পুলিশ সেখানে এসে কাদেরকে ধরে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় রোববার রাতে এমরানের বাবা দেলোয়ার হোসেন বাদী হয়ে কাদের ব্যাপারীর বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ এনে হাজীগঞ্জ থানায় মামলা করেছেন। গতকাল সোমবার কাদের ব্যাপারীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবীর জানান, এমরানের মাথা ও ঘাড়ে তিনটি কোপের দাগ রয়েছে। কাদের ব্যাপারীর বিরুদ্ধে মামলা নিয়ে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।