হাজীগঞ্জে সংখ্যালঘুদের জমি ইজারা দিচ্ছে সওজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের বিরুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তি ইজারা দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তিকে বনায়নের নামে ওই জমি ইজারা দেওয়ার সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এতে সংখ্যালঘু ব্যক্তিরা তাঁদের জমি হাতছাড়া হওয়ার আতঙ্কে রয়েছেন।স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীদের অভিযোগমতে, হাজীগঞ্জ পৌরসভার অধীনে এনায়েতপুর গ্রামে কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের পাশে দুই একর ৬৯ শতক জমির পৈতৃক সূত্রে মালিক সংখ্যালঘু সম্প্রদায়ের সাত ব্যক্তি। বর্তমানে তাঁরা ওই জমিতে চাষাবাদ করছেন। তবে সম্প্রতি ওই সম্পত্তির ওপর দৃষ্টি পড়ে স্থানীয় প্রভাবশালী জামাল হোসেনের। তিনি স্থানীয় সওজের কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশ করে ওই জমি সওজের দেখিয়ে ইজারা দেওয়ার ব্যবস্থা করিয়েছেন। ভুক্তভোগী ব্যক্তিদের মধ্যে লিটন চন্দ্র দাস, দীপক চন্দ্র দাস ও সুজন চন্দ্র দাস অভিযোগ করেন, জামাল হোসেন টাকা দিয়ে চাঁদপুর ও হাজীগঞ্জ সওজ বিভাগের কর্মকর্তাদের হাত করেছেন। তাঁদের ভোগদখল করা সম্পত্তি তিনি ইজারা নেওয়ার পাঁয়তারা করছেন। এরই মধ্যে সব প্রক্রিয়া শেষ করা হয়েছে।সওজের একটি সূত্র জানায়, জামাল হোসেন চাঁদপুর ও হাজীগঞ্জ সওজ কার্যালয়ের কিছু কর্মকর্তার মাধ্যমে সংখ্যালঘুদের ওই সম্পত্তি সওজ কর্তৃপক্ষের দেখিয়ে প্রতিবেদন তৈরি করান। এরপর প্রতিবেদনটি সওজের ঊর্ধ্বতন দপ্তরে পাঠানো হয়। ইজারা পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে তিনি যোগাযোগ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকেও হাত করেছেন।সূত্রটি আরও জানায়, কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের জন্য ১৯৫৬-৫৭ সালে সড়কটির দুই পাশে সর্বোচ্চ ৪০ ফুট পর্যন্ত ভূমি অধিগ্রহণ করা হয়। তবে এনায়েতপুর এলাকায় সড়কটির উত্তর পাশে ৩০০ ফুট পর্যন্ত অধিগ্রহণ দেখানো হয়েছে। এতে করে সংখ্যালঘুদের দুই একর ৬৯ শতক জমি সওজের দেখানো সম্ভব হয়েছে।হাজীগঞ্জ সওজ কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী মো. হাবিবুর রহমান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই তিনি ওই প্রতিবেদন দিয়েছেন। তবে তিনি দাবি করেন, ওই সম্পত্তি সওজেরই। দীর্ঘদিন ধরেই তা চাষাবাদ করে আসছিলেন দখলদার ব্যক্তিরা।অভিযোগের বিষয়ে জামাল হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।