হাজীগঞ্জে স্কুলের ভবন পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার আমিন মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের একটি ভবন গত বৃহস্পতিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা পুড়িয়ে দিয়েছে। এতে প্রতিষ্ঠানটির ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় প্রতিষ্ঠানের উত্তর পাশের ভবনে দুর্বৃত্তরা দাহ্য পদার্থ দিয়ে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন ভবনের এক মাথা থেকে অপর মাথা পর্যন্ত ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগেই আগুনে সম্পূর্ণ ভবন ভস্মীভূত হয়। হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও স্থানীয় বাসিন্দা সৈয়দ আহমঞ্চদ খসরু অভিযোগ করে বলেন, ‘বিদ্যালয়ের সম্পত্তি নিয়ে স্থানীয় মৃত কামাল উদ্দিনের তিন ছেলে সলিম উল্যা, অলি উল্যা ও মুকবুল হোসেনের সঙ্গে বিরোধ চলছে। তারা তিন ভাই স্কুলের উন্নয়নমূলক কর্মকাণ্ডে বিভিন্ন সময়ে বাধা দিচ্ছে। আমাদের ধারণা, তারা পূর্বপরিকল্পনা অনুযায়ী এ ঘটনা ঘটিয়েছে। স্বাভাবিকভাবে আগুন লাগলে একটি প্রতিষ্ঠানের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত আগুনে পুড়তে সময় লাগার কথা।’ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মালেক জানান, ১৯৩১ সালে বিদ্যালয়ের স্থানে একটি জুনিয়র মাদ্রাসা ছিল। পরে ১৯৬৫ সালে মাদ্রাসার স্থলে বিদ্যালয় চালু করা হয়। বিদ্যালয়ের মোট সম্পত্তির পরিমাণ এক একর ৬৪ শতাংশ। এ সম্পত্তি নিয়ে মৃত কামাল উদ্দিনের তিন ছেলে দীর্ঘ দিন ধরে ঝামেলা করছে। তারা বিদ্যালয়ের সম্পত্তি নিজেদের দাবি করে প্রশাসনের বিভিন্ন দপ্তরে একাধিক দরখাস্ত করেছে। প্রধান শিক্ষক আরও বলেন, বিদ্যালয়ের সম্পত্তি দখলের জন্য তারা এই নাশকতামূলক কাজ করতে পারে। বিদ্যালয়ের সম্পত্তির দাবিদার অলি উল্যা তাদের তিন ভাইয়ের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার দাদা মৃত হাজি জালাল উদ্দিন এক একর চার শতক সম্পত্তি দিয়ে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন। পরে এলাকাবাসী মাদ্রাসা বন্ধ করে এখানে বিদ্যালয় চালু করে। কিন্তু প্রতিষ্ঠানের কোথাও আমার দাদার নামগন্ধ নেই।’ অলি উল্যা আরও বলেন, ‘আমরা বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবাদ মিয়াকে প্রস্তাব করেছি বিদ্যালয়ের নাম পরিবর্তন করে আমার দাদার নামে রাখার জন্য।’ বিদ্যালয়ে আগুন লাগানো প্রসঙ্গে অলি উল্যা বলেন, ‘অন্য কেউ অথবা বিদ্যালয় কর্তৃপক্ষ নিজেরা আগুন দিয়ে আমাদের ফাঁসানোর ষড়যন্ত্র করতে পারে। হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবদুর রশিদ মজুমদার ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।’