হাজীগঞ্জে স্ত্রীর মামলায় স্বামী কারাগারে
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় স্ত্রীর দায়ের করা নারী নির্যাতন ও যৌতুকের মামলায় মো. আজাদ হোসেন (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। আজাদ উপজেলার মকিমাবাদ গ্রামের আবদুল ওয়াদুদের ছেলে।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার নুসরাত জাহান (১৯) বাদী হয়ে চাঁদপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শওকত হোসেনের আদালতে ওই মামলা করেন। মামলায় তিনি স্বামী আজাদ হোসেন, শ্বশুর আবদুল ওয়াদুদ ও শাশুড়ি রোকেয়া বেগমকে আসামি করেন। আদালত শুনানি শেষে আজাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও শ্বশুর-শাশুড়িকে আদালতে হাজির হতে সমন জারি করেন। পুলিশ বৃহস্পতিবার রাতেই আজাদকে গ্রেপ্তার করে।
নুসরাতের মা সেলিনা আক্তার জানান, ২০১২ সালের জানুয়ারি মাসে আড়াই লাখ টাকা দেনমোহরে আজাদের সঙ্গে তাঁর মেয়ে নুসরাতের বিয়ে হয়। বিয়ের দুই মাস পর আজাদ দুবাই চলে যান। এরপর শ্বশুরবাড়িতে থাকাকালে শ্বশুর-শাশুড়ি নুসরাতকে তুচ্ছ বিষয় নিয়ে গালাগাল করতেন। একপর্যায় তিনি মেয়েকে নিজ বাড়িতে নিয়ে আসেন। এ সময় আজাদ দুবাইয়ে ব্যবসা করার কথা বলে তাঁদের কাছে পাঁচ লাখ টাকা চান। তাঁকে এক লাখ টাকা দেওয়া হয়। আরও টাকা না দেওয়ায় নুসরাতের সঙ্গে আজাদ যোগাযোগ বন্ধ করে দেন। ১৫ দিন আগে আজাদ দেশে ফিরেও তাঁর মেয়ের সঙ্গে কোনো যোগাযোগ করেননি।
হাজীগঞ্জ থানার ওসি দেওয়ান আবুল হোসেন জানান, আজাদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।