হাজীগঞ্জে স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার
চাঁদপুরের হাজীগঞ্জে গত সোমবার দুপুরে স্বামী রফিকুল ইসলামের মারধরে লুৎফা বেগম (২২) নামের একজন গৃহবধূ মারা গেছেন। এ ঘটনায় পুলিশ রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে গত মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। লুৎফা বেগমের লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। উপজেলার গন্ধর্বপুর (উত্তর) ইউনিয়নের মালিগাঁও গ্রামের জমাদ্দার বাড়িতে এ ঘটনা ঘটে। লুৎফার বাবা এলু মিয়া জানান, ‘রফিকুল ইসলাম পেশায় একজন পিকআপ ভ্যানচালক। মেয়ের সুখের আশায় কয়েকবার তাঁকে নগদ টাকা দিয়েছি। ১৫ দিন আগেও জমি বিক্রি করে ৬০ হাজার টাকা দিয়েছিলাম। এর পরও আমার মেয়েকে সে বাঁচতে দেয়নি।’ স্থানীয় লোকজন জানান, গত সোমবার দুপুরে পারিবারিক বিরোধের কারণে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াঝাঁটি হয়। একপর্যায়ে রফিকুল ইসলাম লুৎফাকে বেদম মারধর করেন। বেলা সোয়া দুইটায় লুৎফা বেগমের ভাশুর তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। চিকিৎসককে জানানো হয় লুৎফা বেগম বিষ পান করেছেন। পরে সোয়া তিনটায় তিনি মারা যান।