হাজীগঞ্জে হট্টগোল, কার্যক্রম স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির বৈঠকে হট্টগোল হয়েছে। যাচাই-বাছাইয়ের সম্মুখীন এক ব্যক্তিকে কমিটির সদস্য করায় ও সভাপতি নির্বাচন নিয়ে দ্বন্দ্বের কারণে গতকাল শনিবার এ ঘটনা ঘটে। এ কারণে প্রশাসন যাচাই-বাছাই কার্যক্রম স্থগিত করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে উপজেলা কমিটির সভাপতি পদে স্থানীয় সাংসদ মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম, কমিটির সদস্যসচিব ইউএনও মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রতিনিধি আবদুল হান্নান, জেলা কমান্ডারের প্রতিনিধি মো. সিরাজুল ইসলাম, উপজেলা কমান্ডার মো. মজিবুর রহমান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি আবু তাহের ও জাতীয় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের (জামুকা) প্রতিনিধি খোরশেদ আলমকে সদস্যপদে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু স্থানীয় সাংসদ যুক্তরাষ্ট্রে থাকায় কমিটির কার্যক্রম শুরু করতে সমস্যা হচ্ছিল। এ অবস্থায় সাংসদের অবর্তমানে একজনকে সভাপতি করার উদ্যোগ নিয়েছিল কমিটি।
ইউএনওর কার্যালয় সূত্রে আরও জানা গেছে, গতকাল ইউএনওর কার্যালয়ে যাচাই-বাছাই কমিটির বৈঠক বসে। ওই বৈঠকে স্থানীয় সাংসদের অনুপস্থিতিতে সভাপতি নির্বাচন নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এক পক্ষ সভাপতি হিসেবে উপজেলা কমান্ডার মজিবুর রহমান ও আরেক পক্ষ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি আবু তাহেরের নাম প্রস্তাব করে। দুই পক্ষ এ বিষয়ে একমত হতে পারেনি। পরে তাহের পক্ষ খোরশেদ আলমের যাচাই-বাছাই কমিটিতে অন্তর্ভুক্ত হওয়া নিয়ে প্রশ্ন তোলে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দিনভর উত্তেজনা চলে। এ অবস্থায় দুপুরের দিকে ইউএনও কার্যক্রম স্থগিত করেন।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক বি এম মহসিন নয়ন বলেন, মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, যাচাই-বাছাইয়ের সম্মুখীন হবেন—এমন কেউ কমিটিতে অন্তর্ভুক্ত হতে পারবেন না। অথচ জামুকার মনোনীত প্রতিনিধি খোরশেদ আলমকে যাচাই-বাছাইয়ের সম্মুখীন হতে হবে। এ কারণে স্থানীয় মুক্তিযোদ্ধারা তাঁর বিষয়ে আপত্তি জানিয়েছেন।
এ বিষয়ে গতকাল প্রথম আলোতে ‘কমিটির সদস্যও যাচাই-বাছাইয়ের সম্মুখীন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
মুক্তিযোদ্ধা মো. ছিদ্দিকুর রহমান ও ছিদ্দিকুর রহমান খান জানান, মূলত সভাপতি নির্বাচন করতে না পারায় ও খোরশেদ আলমকে সদস্যপদে অন্তর্ভুক্ত করায় কমিটি কার্যক্রম শুরু করতে পারেনি। সারা দিন অপেক্ষা করে বিকেলে মুক্তিযোদ্ধারা ফিরে গেছেন।
ইউএনও মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার বলেন, খোরশেদ আলমের অন্তর্ভুক্তি বেশির ভাগ মুক্তিযোদ্ধা মেনে নিতে পারেননি। এ কারণে যাচাই-বাছাই কার্যক্রম স্থগিত করা হয়েছে। মন্ত্রণালয় থেকে পাওয়া পরবর্তী তারিখে যাচাই-বাছাই কার্যক্রম হবে।