হাজীগঞ্জে হত্যা মামলা তিন লাখ টাকায় আপসের চেষ্টা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জে এক আওয়ামী লীগ নেতার ভাইয়ের বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলার বাদী ও আসামিপক্ষের লোকজন আপসের চেষ্টা চালিয়েছে। তবে একটি সূত্র নিশ্চিত করেছে, তিন লাখ টাকায় এ আপসরফা হয়েছে। উপজেলা সদরে এক আওয়ামী লীগ নেতার বাড়িতে গত ১৬ মার্চ রাতে এক বৈঠকে এ আপস হয়। এলাকাবাসী জানায়, গত ১৪ মার্চ রাতে উপজেলার গন্ধর্বপুর (উ.) ইউনিয়নের মালিগাঁও গ্রামের মিজিবাড়ির আবদুর রব মিজির ছেলে আবদুর রশিদ মিজি ওরফে রাশেদকে (২২) স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য হাবিবুর রহমান ওরফে বাবলু মেম্বারের নেতৃত্বে কয়েকজন লাঠিপেটা করে। মোবাইল চুরির অভিযোগ তুলে তারা তাঁর ওপর এ নির্যাতন চালায়। ভোররাতে রাশেদ মারা যান। স্থানীয় পুলেরগোড়া এলাকায় একটি ক্লাবঘরে এ ঘটনা ঘটে। পরদিন সকালে হাজীগঞ্জ থানার পুলিশ লাশ উদ্ধার করে ঘটনাস্থল থেকে থানায় নিয়ে আসে। পুলিশ তাত্ক্ষণিকভাবে ইউপি সদস্য হাবিবুর রহমান ও দোকানদার লোকমান হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে। রাশেদের লাশ গত ১৬ মার্চ রাতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।এ ঘটনায় সোমবার রাতে রাশেদের বাবা আবদুর রব মিজি ইউপি সদস্য হাবিবুর রহমানসহ ১২ জনকে আসামি করে হাজীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। লাশ দাফনের আগেই গত মঙ্গলবার মামলার প্রধান আসামি ইউপি সদস্য হাবিবুর রহমানের বড় ভাই ঢাকার গুলশান থানার ১৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মফিজুল ইসলাম ও ওই দলের স্থানীয় নেতা-কর্মীদের চাপে তিন লাখ টাকায় বাদীপক্ষ মামলাটি আপসরফা করতে বাধ্য হয়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলা আওয়ামী লীগের সদস্য আবদুল মালেক মিয়ার বাসায় এ বৈঠক হয়। আবদুল মালেক মিয়া বলেন, ‘বাদী ও আসামিপক্ষের লোকজন এলাকা থেকে সমঝোতা করে আমার বাসায় এসেছে। এখানে আমার কিছুই করার ছিল না।’ গন্ধর্বপুর (উ.) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবর শেখ জানান, আওয়ামী লীগ নেতা মফিজুল ইসলাম নিহত রাশেদের আত্মীয়। তিনি রাশেদের বাবাকে এ বিষয়ে আপস করার জন্য অনুরোধ করার পর তিনি (রাশেদের বাবা) আর না করতে পারেননি। ক্ষতিপূরণ বাবদ রাশেদের পরিবারকে তিন লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। রাশেদের বাবা আবদুর রব মিজি আপস-মীমাংসার কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, আপস-মীমাংসার জন্য আয়োজন করা বৈঠকে তিনি গিয়েছিলেন। সেখানে তিনি কোনো কথা বলেননি। আওয়ামী লীগ নেতা মফিজুল ইসলাম বলেন, ‘যেভাবেই হোক একটি ঘটনা ঘটে গেছে। নিহত রাশেদ আমার ভাতিজা। বিষয়টি সমাধানের জন্য আমরা তিনবার বৈঠক করেছি। এখনো চূড়ান্ত সমাধান হয়নি।’ তিন লাখ টাকা দিয়ে হত্যা মামলার বিষয়টি মীমাংসার অভিযোগ তিনি অস্বীকার করেছেন। পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, হত্যা, নারী ও শিশু নির্যাতন এবং এসিড-সন্ত্রাস মামলায় আপস-নিষ্পত্তির কোনো সুযোগ আইনে নেই। মামলার তদন্ত কর্মকর্তা হাজীগঞ্জ থানার উপপরিদর্শক আবদুল বাতেন ভূঁইয়া বলেন, ‘আপস-মীমাংসার কোনো প্রস্তাব আমি শুনিনি। বাদী মামলা চালাবে বলে আমাকে জানিয়েছে। অন্য আসামিদের ধরার চেষ্টা চলছে।’