হাজীগঞ্জে হাত-পা বাঁধা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জে হাত-পা বাঁধা অবস্থায় এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে উপজেলার মাতৈন গ্রামের পূর্ব সর্দারবাড়ির একটি বাগান থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম কামরুল ইসলাম (৩৭)। কামরুল মাতৈন গ্রামের সর্দারবাড়ির মৃত নুরুল ইসলামের ছেলে। তাঁর পরিবারের সদস্যরা খুলনায় থাকেন। এ ঘটনায় কামরুলের মামাতো ভাই দ্বীন মোহাম্মদ গতকাল সকাল সাড়ে ১০টায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হাজীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
দ্বীন মোহাম্মদ বলেন, ‘কামরুল মাদকাসক্ত ছিল। তাকে খুলনা ও কুমিল্লা মাদক নিরাময় কেন্দ্রে একাধিকবার চিকিৎসা দেওয়া হয়েছে। মাস খানেক আগে কামরুল গ্রামের বাড়িতে আসে। সে বেশির ভাগ সময় আমার ব্যবসাপ্রতিষ্ঠানে বসত। গত রোববার বিকেলে আমার কাছ থেকে ২০ টাকা নিয়ে সে বাড়ি যায়। সকালে তাকে হত্যা করা হয়েছে খবর পাই।’
এ বিষয়ে হাজীগঞ্জ থানার ওসি শাহ আলম বলেন, কামরুলের লাশ হাত-পা বাঁধা ও গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া গেছে। হাত-পা বাঁধা থাকায় তাঁর মৃত্যু নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। এ কারণে হত্যা মামলা নেওয়া হয়েছে।