হাজীগঞ্জে হামলায় একজন নিহত
চাঁদপুরের হাজীগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন। হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ গ্রামের দরগাঁবাড়ীতে গত মঙ্গলবার বেলা তিনটায় এ হামলার ঘটনা ঘটে। পুলিশ ওই রাতেই দুজনকে গ্রেপ্তার করেছে। মামলার এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দরগাঁবাড়ীর আবুল কালামের পরিবারের সঙ্গে মৃত সোনা মিয়ার পরিবারের সদস্যদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। মঙ্গলবার বেলা তিনটার দিকে আবুল কালামের পরিবারের লোকজন শাবল, রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে সোনা মিয়ার পরিবারের সদস্যদের ওপর হামলায় চালায়। তারা সোনা মিয়ার স্ত্রী আমেনা বেগমের (৫০) পেটে ভাঙা কাচ দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। হামলায় আহত হওয়া অন্য ব্যক্তিরা হলেন সোনা মিয়ার মেয়ে নয়ন আক্তার (১৮), ছেলে আউয়াল (১৯) ও আমির হোসেন (১৭)। গতকাল বুধবার সকালে আমেনা বেগম (৫০) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। মঙ্গলবার সন্ধ্যায় সোনা মিয়ার ছেলে জাকির হোসেন আবুল কালামের পরিবারের সাতজনের বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় মামলা করেছেন।হাজীগঞ্জ থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা আবদুল ওহাব জানান, ঘটনাস্থল থেকে আবুল কালামের পরিবারের দুই সদস্য মনিকা বেগম ও লাখী বেগমকে গ্রেপ্তার করে গতকাল বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।