হাজীগঞ্জে ১৪ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ
শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়মিত উপস্থিতির কারণে ১৩ জন কলেজশিক্ষক এবং স্থানীয় উপজেলা প্রশাসনের পূর্বানুমতি ছাড়া বিদ্যালয় বন্ধ রাখায় একজন প্রধান শিক্ষকসহ ১৪ জন শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গাউছুল আজম কারণ দর্শানোর নোটিশগুলো দেন।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ২৭ জুলাই প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফল বিপর্যয়ের কারণে ৩০ জুলাই বলাখাল মুকবুল আহমেদ ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা কলেজের সামনে কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে মানববন্ধনের প্রস্তুতি নেয়। এ খবর শুনে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজ গভর্নিং বডির সভাপতি মো. গাউছুল আজম কলেজে উপস্থিত হন। তিনি তাৎক্ষণিকভাবে কলেজ প্রাঙ্গণে এক মতবিনিময় সভা ডেকে ফল বিপর্যয়ের কারণ সম্পর্কে কলেজের একাধিক ছাত্রছাত্রী ও শিক্ষকের বক্তব্য শোনেন। পরে ইউএনও শিক্ষকদের হাজিরা খাতা দেখে পাঁচজন শিক্ষক বিনা ছুটিতে অনুপস্থিত থাকায় কলেজের অধ্যক্ষকে ওই সব শিক্ষককে শোকজ করার নির্দেশ দেন।ওই দিন দুপুরে মো. গাউছুল আজম হাজীগঞ্জ পাইলট হাইস্কুল অ্যান্ড কলেজের সাধারণ শাখা পরিদর্শনে গিয়ে তালা মারা দেখতে পান। পরে সেখানেও পাঁচজন শিক্ষক অনুপস্থিত থাকায় তিনি কলেজের অধ্যক্ষকে তাৎক্ষণিকভাবে এসব শিক্ষককে শোকজ নোটিশ করার নির্দেশ দেন।গত মঙ্গলবার ইউএনও মো. গাউছুল আজম হাজীগঞ্জ ডিগ্রি কলেজ পরিদর্শনে যান। সেখানে তিনজন শিক্ষক কর্তৃপক্ষের বিনা অনুমতিতে অনুপস্থিত থাকায় তাৎক্ষণিক ওই সব শিক্ষককে শোকজ করার জন্য অধ্যক্ষকে নির্দেশ দেন।এ ছাড়া গত বুধবার ইউএনও উপজেলার বাকিলা উচ্চবিদ্যালয়টির ভৌত অবকাঠামো, আসবাবপত্রসহ পারিপার্শ্বিক সুযোগ-সুবিধা দেখার জন্য সরেজমিনে বিদ্যালয়টি পরিদর্শনে যান। কিন্তু বিদ্যালয় বন্ধ থাকায় তিনি পরিদর্শন না করেই ক্ষুব্ধ হয়ে ফিরে আসেন। স্থানীয় প্রশাসনের পূর্বানুমতি ছাড়া বিদ্যালয় বন্ধ রাখায় তাৎক্ষণিক ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজুমদার হাছানুজ্জামানকে শোকজ করেন এবং জেএসসি পরীক্ষা কেন্দ্রের জন্য আবেদনটি বাতিল করেন।কলেজের ফল বিপর্যয় এবং পাঁচজন শিক্ষককে শোকজ করার সত্যতা নিশ্চিত করে বলাখাল মুকবুল আহমেদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুর রব বলেন, ‘আমি ২০০৩ সালে এই কলেজে যোগদান করি। তার পর থেকে নিয়মানুযায়ী কলেজটি পরিচালনার চেষ্টা করি। এতে শিক্ষকদের বৃহৎ অংশ প্রকাশ্যে আমার বিরুদ্ধাচরণ শুরু করে। তাঁরা একাধিকবার বিভিন্ন অজুহাতে আমাকে অপসারণের চেষ্টা করেন।’বাকিলা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মজুমদার হাছানুজ্জামান শোকজ পাওয়ার কথা নিশ্চিত করে বলেন, ‘ছাত্রছাত্রীদের দ্বিতীয় সাময়িক পরীক্ষা গত মঙ্গলবার শেষ হয়েছে। বুধবার আমি সংরক্ষিত ছুটি থেকে এক দিন বিদ্যালয় বন্ধ রেখেছি। বিষয়টি আমি স্থানীয় প্রশাসনকে জানাইনি। গত বুধবার ইউএনও স্যার হঠাৎ বিদ্যালয় পরিদর্শনে গিয়ে বন্ধ পাওয়ায় ক্ষুব্ধ হন এবং আমাকে শোকজ করেন।’হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গাউছুল আজম বলেন, ‘শিক্ষকেরা সরকারি কোষাগার থেকে এখন শতভাগ বেতন-ভাতা পাচ্ছেন। এখন আর শিক্ষকদের স্কুল-কলেজ ফাঁকি দেওয়ার সুযোগ নেই। এখন থেকে আমি নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মনিটরিং করব।’