হাজীগঞ্জে 'ব্লাস্ট' রোগে ৫০ শতাংশ ধানে চিটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ‘ব্লাস্ট’ রোগে আক্রান্ত হয়ে প্রায় ৫০ শতাংশ জমির বোরো ধান চিটা হয়ে গেছে। এতে কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন। 
উপজেলা কৃষি কার্যালয় ও স্থানীয় কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, এ বছর উপজেলায় ১০ হাজার ২২৫ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। কিন্তু ৫০ শতাংশ জমির বোরো ধান ব্লাস্ট রোগে আক্রান্ত হওয়ায় চিটা হয়ে গেছে। এতে কৃষকদের মুখে কোনো হাসি নেই।
উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের হাটিলা গ্রামের কৃষক আবুল কালাম বলেন, ‘আমি ২৪ শতক জমির ধান কেটে চার মণ ধান পেয়েছি। স্বাভাবিক ফলন হলে এ জমিতে কমপক্ষে ১২ মণ ধান পেতাম। ধান বের হওয়ার পর ছড়ার বেশির ভাগ ধান সাদা হয়ে যায়। কী রোগে এমন হয়েছে বুঝতে পারিনি। পরে এলাকার দায়িত্বরত কৃষি স্যারের সঙ্গে যোগাযোগ করলে তিনি ব্লাস্ট রোগের কথা বলেছেন। তখন আর প্রতিরোধের ব্যবস্থা ছিল না।’
পৌরসভার বলাখাল এলাকার কৃষক নিজাম উদ্দিন বলেন, ‘আমি এক কানি জমিতে বোরো আবাদ করেছি। ধানে চাল আসার সময় জমিতে এ রোগ দেখা দেয়। এখন চালান দূরে থাক, ধান কাটা ও পানি সেচের খরচও উঠবে না।’
হাটিলা পূর্ব ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা আবদুল মালেক ছিদ্দিকী জানান, আগে মাঠে গেলে কৃষকেরা সালাম দিতেন। এখন দেখলে গালিগালাজ করেন। কোনো এলাকায় জমির ৭০ শতাংশ ফসল নষ্ট হয়ে গেছে। এ জন্য তিনি প্রতিকূল আবহাওয়া ও ব্লাস্ট রোগকে দায়ী করেন।
গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান জানান, ‘ব্লাস্ট’ ব্যাকটেরিয়াজনিত রোগ। ধানের বীজ থেকে এ রোগ ছড়ায়। উপজেলায় কৃষকের যে পরিমাণ বীজ প্রয়োজন, তার ১৫ শতাংশ বিএডিসি থেকে পাওয়া যায়। কৃষক বাকি বীজ বিভিন্ন কোম্পানি বা নিজের সংরক্ষণে রাখা ধান থেকে উৎপাদন করেন। এতে সহজে ব্লাস্ট রোগ ছড়ানোর সুযোগ পায়।
উপজেলা কৃষি কার্যালয়ের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কাজী মঞ্জুরুল আলম জানান, সাপ্তাহিক সভায় কৃষকের ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি আলোচনা হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। যেসব কৃষক ব্রি ২৯ ধান আবাদ করেছেন, তাঁরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা আমানুল ইসলাম জানান, ধানে ফুল আসার পর এ রোগ দেখা দিয়েছে। আবহাওয়া ও পোকামাকড়ের কারণে রোগটি বেশি গাঢ় হয়েছে। এ রোগকে ব্লাস্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে। একবার কোনো জমির ফসল আক্রান্ত হলে কোনো প্রতিকারের ব্যবস্থা থাকে না।