চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাকিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুল ইসলামকে (৩০) সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও) আক্তার হোসেন গত বৃহস্পতিবার তাঁর বিরুদ্ধে ওই ব্যবস্থা নেন।
ভুক্তভোগী পরিবারের সদস্য ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, তিন শিক্ষার্থীকে যৌন হয়রানির ঘটনা এলাকায় জানাজানি হলে গত বুধবার দুপুর ১২টার দিকে এলাকাবাসী বিদ্যালয়ে এসে এ ঘটনার বিচার দাবি করেন। এ সময় তাঁরা শিক্ষক কামরুল ইসলামকে বিদ্যালয়ের একটি কক্ষে আটক রাখেন। খবর পেয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল আউয়াল সহকারী শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমানকে নিয়ে বিদ্যালয়ে আসেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে পুলিশের সহযোগিতায় তাঁকে উদ্ধার করা হয়।
এ নিয়ে গত বৃহস্পতিবার প্রথম আলোয় ‘শিক্ষকের বিরুদ্ধে তিন শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ’ শিরোনামে একটি সংবাদ ছাপা হয়।
আবদুল আউয়াল তাঁকে (কামরুল) সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে গতকাল শুক্রবার মুঠোফোনে প্রথম আলোকে জানান, কামরুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় মামলাও করা হবে।