হাজীগঞ্জের সেই শিশুটি মা হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় মাদ্রাসাশিক্ষকের দ্বারা ধর্ষিত সাড়ে ১১ বছরের সেই শিশুটি মা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) গত মঙ্গলবার রাতে শিশুটি একটি কন্যাসন্তান জন্ম দেয়।গত ১০ মার্চ বিষয়টি বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির সহসভাপতি সীমা জহুর উচ্চ আদালতের নজরে আনেন। আদালত শিশুটির সুচিকিৎসা নিশ্চিতকরণ এবং মা হওয়া পর্যন্ত শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সরকারি খরচে চিকিৎসার নির্দেশ দেন। ১৭ এপ্রিল শিশুটির বাবা তাকে হাসপাতালে ভর্তি করেন।গত আগস্ট মাসে উপজেলার কালচোঁ (উ.) ইউনিয়নের কাপাইকাপ আলিম মাদ্রাসার আরবির প্রভাষক আবদুল জলিল একই মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে জায়গির বাড়িতে ধর্ষণ করেন। ফলে শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।এ ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষ এ টি এম আবদুল হাই ও পরিচালনা পর্ষদের সদস্য আবদুর রব খাঁ মাদ্রাসার শিক্ষক ও এলাকাবাসীকে নিয়ে একটি সালিস বৈঠকে শিশুটির সঙ্গে জলিলের বিয়ে পড়ান।গত ১৯ জানুয়ারি মেয়ের বাবা এ বিয়ে না মেনে চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালত-১-এ অভিযোগ দায়ের করেন। হাজীগঞ্জ থানায় ২ ফেব্রুয়ারি মামলাটি নথিভুক্ত করা হয়। এ নিয়ে গত ৮ ফেব্রুয়ারি প্রথম আলোয় একটি সংবাদ প্রকাশিত হয়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আবদুল জলিল, কাউসার আহমেদ ও আবুল খায়েরকে গ্রেপ্তার করা হয়। গত সপ্তাহে আবদুল জলিল অসুস্থতা দেখিয়ে হাইকোর্ট থেকে জামিন পান। শিশুটির বাবা অভিযোগ করেন, জলিলসহ অন্য আসামিরা জামিনে মুক্তি পেয়ে বিয়ে মেনে নিতে চাপ দিচ্ছেন। এমনকি তাঁদের সিদ্ধান্ত না মানলে বাড়ি থেকে উচ্ছেদের হুমকি দিচ্ছেন।