হাজীগেঞ্জ কলেজের দেড় শ শিক্ষার্থী অনিশ্চয়তায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জ ডিগ্রি কলেজে উচ্চমাধ্যমিক (এইচএসসি) শ্রেণিতে অতিরিক্ত ৫৪২ জন শিক্ষার্থী ভর্তি করেছে কলেজ কর্তৃপক্ষ। কিন্তু এদের মধ্যে দেড় শ শিক্ষার্থীর ভর্তি অনুমোদন করেনি শিক্ষা বোর্ড। এ কারণে তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবন অনিশ্চিত হয়ে পড়েছে।
হাজীগঞ্জ ডিগ্রি কলেজের অফিস সহকারী জামাল উদ্দিন জানান, তাঁরা মানবিক বিভাগে ৪০০, ব্যবসায় শিক্ষা বিভাগে ৪০০ এবং বিজ্ঞান বিভাগে ১৯২ জনসহ ৯৯২ জন শিক্ষার্থী ভর্তি করেছেন। অথচ তিনটি বিভাগে তাঁদের আসনসংখ্যা ১৫০ জন করে ৪৫০ জন। শিক্ষা বোর্ড ৮৪২ জন শিক্ষার্থীর ভর্তি অনুমোদন করেছে।
উপজেলার বিভিন্ন কলেজ সূত্রে জানা গেছে, স্বাভাবিকভাবে গত ২২ জুলাই কলেজের এইচএসসিতে ভর্তির সময় শেষ হয়েছে। এখন বিশেষ অনুমতির মাধ্যমে প্রতিটি কলেজে দুই-চারজন শিক্ষার্থী ভর্তি হচ্ছে। একজন শিক্ষার্থী ভর্তি হতে শুধু শিক্ষা বোর্ডে অতিরিক্ত এক হাজার থেকে এক হাজার ২০০ টাকা পরিশোধ করতে হয়। আরও দুই সপ্তাহের মধ্যে ছাত্র ভর্তি করা যাবে।
কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইন্দ্রভুষণ ভৌমিক জানান, ইতিমধ্যে তাদের আসনের অতিরিক্ত অনেক শিক্ষার্থীকে ভর্তির সুযোগ দেওয়া হয়েছে। এখন আর একজনকেও ভর্তির অনুমতি দেওয়া হবে না।
কলেজে ১৫০ জন অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি প্রসঙ্গে তিনি বলেন, প্রয়োজনে এদের অন্য কলেজে নিবন্ধন করিয়ে পড়ার ব্যবস্থা করা হবে। কারণ, হাজীগঞ্জ উপজেলা শহরের দুটি কলেজে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তির কারণে মফস্বল এলাকার কলেজগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ভর্তি হওয়া একাধিক শিক্ষার্থীর অভিযোগ, কলেজ কর্তৃপক্ষের দায়িত্বহীনতার কারণে তাদের শিক্ষাজীবন হুমকির মুখে পড়েছে। তারা আশপাশের কলেজগুলোতে ভর্তির জন্য যোগাযোগ করলে সেখানে দ্বিগুণ টাকা দাবি করা হয়।
হাজীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মিহির কান্তি রায় বলেন, ‘আমরা ১৫০ জন শিক্ষার্থীর ভর্তির অনুমতি দেওয়ার জন্য জেলা প্রশাসকের মাধ্যমে বোর্ডে আবেদন করব। শিক্ষার্থীদের ভবিষ্যৎ চিন্তা করে বোর্ড আমাদের বিমুখ করবে না।’