হাজীপাড়া মসজিদ রোডে দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মূল সড়কের আলীর মোড় হয়ে ঢুকতেই রাস্তার মুখে এক বিশাল গর্ত। তাতে জমে আছে পানি। পুরো রাস্তাটি কাঁচা। ভারী যানবাহন চলাচলের কারণে ভেঙে গেছে কোথাও কোথাও। এ দৃশ্য রাজধানীর বাড্ডা এলাকার হাজীপাড়া মসজিদ রোডের। বাসিন্দারা জানান, হাজীপাড়া এলাকাটি বাড্ডা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। এলাকাবাসীর চলাচলের জন্য দুটি রাস্তা রয়েছে। এর মাঝে একটি রাস্তা ভালো হলেও মসজিদ রোড এলাকার রাস্তাটি বাসিন্দাদের দুর্ভোগের কারণে পরিণত হয়েছে।
সরেজমিনে দেখা যায়, আলীর মোড় ইউনিয়ন পরিষদের পাশ থেকে শুরু করে খাল পাড় পর্যন্ত গিয়ে শেষ হয়েছে কাঁচামাটির এই রাস্তা। খালপাড়ের অপর পাশেই রয়েছে কাঁচাবাজার। খালের ওপর অস্থায়ী সেতু দিয়ে কাঁচাবাজারে যেতে হয়। এ ছাড়া আলীর মোড় হয়ে মূল শহরের সঙ্গে যোগাযোগের জন্য বাসিন্দাদের এই রাস্তাটিই ব্যবহার করতে হয়। তাই বাধ্য হয়েই মসজিদ রোড এলাকার বাসিন্দাদের রাস্তাটি দিয়ে চলাচল করতে হয়। রাস্তার কিছু দূর পরপর বাড়িঘর তৈরির ইট-বালু ফেলে রাখতে দেখা যায়। কিছুক্ষণ পরপর এসব নির্মাণসামগ্রী নিয়ে ভারী যানবাহন যাতায়াত করছে। ভারী যানবাহন চলাচলের কারণে মাটির রাস্তা ভেঙে চলাচল কষ্টকর হয়ে উঠেছে। বাসিন্দারা বলেন, এই এলাকায় নতুন নতুন বাড়িঘর তৈরি হচ্ছে। বাড়িঘর তৈরির জন্য নির্মাণসামগ্রী এই রাস্তা দিয়েই নিয়ে যেতে হয়। তাই রাস্তাটির এ দুরবস্থা হয়েছে।’ বাসিন্দারা আরও জানান, একটু বৃষ্টি হলেই মাটির রাস্তায় পানি জমে থাকে। তখন কাদাপানি এড়িয়ে চলাচল কষ্টকর।
রাস্তাটি সংস্কারের ব্যাপারে জানতে চাইলে বাড্ডা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, ‘এই এলাকার দুটি রাস্তার মধ্যে কয়েক দিন আগে একটি সংস্কার করা হয়েছে। মসজিদ রোডটি সংস্কারের জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা করছি খুব দ্রুত কাজ শুরু করতে পারব।’