হাট, ঘাট ও শৌচাগার আ.লীগ নেতার দখলে
ভোলার বোরহানউদ্দিন পৌরসভার হাট, দুটি গণশৌচাগার ও একটি লঞ্চঘাট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহব্বতজান চৌধুরী ও তাঁর লোকজন জোরপূর্বক দখল করে টোল আদায় করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে পৌর মেয়র বাদী হয়ে গত ২৬ এপ্রিল মহব্বতজানসহ ছয়জনের বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় দুটি মামলা করেছেন।মামলার এজাহারে বলা হয়েছে, বোরহানউদ্দিন পৌরসভা থেকে বাংলা ১৪১৭ সনের জন্য কালীগঞ্জ হাটের ইজারা পেয়েছেন আবুল কালাম। কালীগঞ্জ হাটের দুটি গণশৌচাগার ইজারা পেয়েছেন নিখিল চন্দ্র মালী। আর বোরহানউদ্দিন লঞ্চঘাট ইজারা পেয়েছেন আজিম তালুকদার।গত পয়লা বৈশাখ ইজারাদারেরা ওই হাট, লঞ্চঘাট ও গণশৌচাগার থেকে টোল আদায় করতে গেলে মহব্বতজান চৌধুরী তাঁর সন্ত্রাসী বাহিনী নিয়ে ইজারাদারদের লোকজনের ওপর হামলা চালান এবং তাঁদের কাছ থেকে টোলের প্রায় লক্ষাধিক টাকা ছিনিয়ে নেন। বর্তমানে ওই হাট, লঞ্চঘাট ও গণশৌচাগার থেকে মহব্বতজান চৌধুরীর লোকজন টোল আদায় করছেন।বোরহানউদ্দিন পৌরসভার মেয়র সাইদুর রহমান ও সচিব আবদুর রব বলেন, বোরহানউদ্দিন বাজারের ১৮৬৩, ১৮৬৫ ও ১৮৬৬ নম্বর দাগের ৩৯ শতাংশ এবং ১৭৫৬ নম্বর দাগের ৭২ শতাংশ জমিতে ওই হাট, লঞ্চঘাট ও গণশৌচাগার। এসব জমি ১৯৫৬ সালে সরকার খাস খতিয়ানভুক্ত করে। কিন্তু মহব্বতজান চৌধুরী ও তাঁর আত্মীয়স্বজন ওই জমি তাঁদের দাবি করে সরকারকে বিবাদী করে উচ্চ আদালতে দুটি রিট পিটিশন দায়ের করেন। এর মধ্যে একটি রিটে উচ্চ আদালত ও সুপ্রিম কোর্ট সরকারের পক্ষে রায় দিয়েছেন। অন্য রিটে উচ্চ আদালত স্থিতাবস্থা জারি করেছেন। সে ক্ষেত্রে গত ১১ বছরের মতো এবারও হাট, লঞ্চঘাট ও গণশৌচাগার ইজারা দেওয়ার ক্ষমতা পৌরসভার আছে। কিন্তু মহব্বতজান চৌধুরী দলীয় প্রভাব খাটিয়ে এসব দখলে রেখেছেন। পুলিশ কিছুই বলছে না। আসামিদেরও ধরছে না।জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহব্বতজান চৌধুরীর বক্তব্য জানার জন্য তাঁর মুঠোফোনে ও বাসার ফোনে যোগাযোগ করা হলে কেউ ফোন ধরেননি। তবে তাঁর প্রধান সহযোগী ও মেয়রের করা দুটি মামলার আসামি জামিল চৌধুরী বলেন, ‘১৯৬০ সাল থেকে সরকারের সঙ্গে আমাদের মামলা চলছে। আমাদের সঙ্গে মৌখিক চুক্তি ভঙ্গ করে এ বছর হাট, লঞ্চঘাট ও গণশৌচাগার অন্যদের ইজারা দেওয়া হয়েছে। এ ব্যাপারে উচ্চ আদালতে রিট করেছি। আদালত ইজারার ওপর স্থিতাবস্থা জারি করেছেন। কিন্তু সরকার আদালতের সে আদেশ মানছে না।’ বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, মামলা হলেই আসামিদের ধরা যায় না। আদালতে মামলা চলবে। যে রায় হবে, সেই মতো ব্যবস্থা নেওয়া হবে।