হাট ইজারার দরপত্রে ঘাপলার অভিযোগ
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শহরের কালীবাড়ি হাট ইজারার দরপত্রে ঘাপলার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে জেলা প্রশাসক বরাবর গত বুধবার লিখিত অভিযোগ করা হয়েছে।অভিযোগে জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারি দরপত্র দাখিলের শেষ দিনে সাতটি দরপত্র জমা পড়ে। এতে গাইবান্ধার ঠিকাদার আয়েন উদ্দিন সর্বোচ্চ দরদাতা নির্বাচিত হন। তিনি দর দেন এক কোটি এক হাজার টাকা। এ ছাড়া ৮২ লাখ ৯৭ হাজার ৭৭৭ টাকা দর দিয়ে রংপুরের ঠিকাদার জহুরুল ইসলাম দ্বিতীয় দরদাতা মনোনীত হন।জহুরুল ইসলাম অভিযোগ করেন, দরপত্র খোলার দিন জমাকৃত দরপত্রের মধ্যে অঙ্ক ও কথায় ইজারা মূল্য লেখা না থাকায় রংপুরের ঠিকাদার আবদুল কাইয়ুমের দরপত্র প্রকাশ্যে বাতিল ঘোষণা করা হয়। সরকারি নিয়ম অনুযায়ী সর্বোচ্চ দরদাতার হাট ইজারা পাওয়ার কথা। কিন্তু দাখিলকৃত দরের শতকরা ৩০ ভাগ বিডি (ব্যাংক জামানত) জমা না দেওয়ায় সর্বোচ্চ দরদাতার দরপত্রও বাতিল করা হয়। বিধি অনুযায়ী দ্বিতীয় দরদাতা জহুরুল ইসলামের হাট ইজারা পাওয়ার কথা। কিন্তু অজ্ঞাত কারণে আবদুল কাইয়ুমের বাতিল করা দরপত্রে দ্বিতীয় দরদাতার চেয়ে বেশি দর বসিয়ে তাঁকে ইজারা দেওয়ার পাঁয়তারা চালানো হচ্ছে। এতে সরকার প্রায় ১৭ লাখ টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হবে। তাই পুনরায় দরপত্র আহ্বানের জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন জানানো হয়েছে।পলাশবাড়ী উপজেলার চেয়ারম্যান মোকছেদ চৌধুরী বলেন, ফাঁকা দরপত্রে বেশি অঙ্ক বসানোর অভিযোগ সঠিক নয়। সর্বোচ্চ দরদাতার দাখিলকৃত দরপত্রে প্রয়োজনীয় ব্যাংক জামানত না থাকায় তাঁর দরপত্র বাতিল করা হয়েছে।পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফেরদৌস অন্যত্র বদলি হওয়ায় গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল ওয়াহেদের উপস্থিতিতে দরপত্র বাক্স খোলা হয়। আবদুল ওয়াহেদ বলেন, ‘ফাঁকা দরপত্রে বেশি অঙ্ক বসানো হয়েছে কি না, জানি না। তবে দরপত্র যাচাই-বাছাই করে ইজারা মূল্য লেখা না থাকায় একটি দরপত্র বাতিল করা হয়েছে।’ সদ্য যোগ দেওয়া পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুন্নাহার বেগম বলেন, এ ধরনের অনিয়ম করার সুযোগ নেই। বিষয়টি খতিয়ে দেখা হবে।