সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া পশুবাহী কোনো গাড়ি পুলিশ থামাতে পারবে না। ব্যাপারীরা যেখানে ইচ্ছে সেখানে তাঁদের পশু বিক্রি করতে পারবেন। কেউ জোর করে কোনো হাটে তাঁদের নিতে পারবে না। কেউ বাধা সৃষ্টি করলে ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রাম নগর পুলিশের কমিশনার মো. ইকবাল বাহার হাট ইজারাদারসহ সংশ্লিষ্টদের সঙ্গে আইনশৃঙ্খলাবিষয়ক বৈঠকে এই নির্দেশনা দেন। গতকাল মঙ্গলবার দুপুরে তাঁর কার্যালয়ের সম্মেলনকক্ষে এই বৈঠক হয়।
বৈঠক শেষে পুলিশ কমিশনার সাংবাদিকদের বলেন, তিনটি স্থায়ীসহ আটটি পশুর হাটে সিটি করপোরেশন নির্ধারিত হাসিলের তালিকা প্রকাশ্যে একাধিক স্থানে টাঙিয়ে দিতে হবে। সেখানে গরু, ছাগলের জন্য নির্ধারিত হাসিল কত টাকা তা স্পষ্ট করে লেখা থাকবে। অজ্ঞান ও মলম পার্টির দৌরাত্ম্য বন্ধে প্রতিটি হাটের ইজারা যাঁরা নিয়েছেন তাঁরাই ওই এলাকার অস্থায়ী হোটেল মালিকের তালিকা রাখবেন। এ ছাড়া প্রতিটি হাটে জেনারেটর ও সিসি ক্যামেরা বসাতে হবে। কোনো অবস্থাতেই হাটের বাইরের রাস্তায় পশু বেচাকেনা করা যাবে না।
পুলিশ কমিশনার ইকবাল বাহার আরও বলেন, কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান টাকা বহনে পুলিশের সহযোগিতা চাইলে সহযোগিতা করা হবে। এ ক্ষেত্রে পুলিশ নিয়ন্ত্রণকক্ষে যোগাযোগ করতে হবে। এ ছাড়া প্রতিটি হাটে পুলিশের একাধিক গাড়ি থাকবে। ব্যাংক বুথের পাশাপাশি জাল টাকা শনাক্তকরণ মেশিনও থাকবে। পশুটি অসুস্থ কিনা পরীক্ষার জন্য প্রাণিসম্পদ কর্মকর্তা থাকবেন।
পশুর হাটের নিরাপত্তার জন্য থানা ও ফাঁড়ি পুলিশের পাশাপাশি অতিরিক্ত আরও ৪০০ পুলিশ থাকবে বলে সাংবাদিকদের বলেন পুলিশ কমিশনার। এ ছাড়া অবৈধ হাট উচ্ছেদের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটও থাকবেন।
আসন্ন বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের জন্য স্টিল মিল বাজার ও সাগরিকা গরুর হাট শেষ দুই দিন সীমিত করারও নির্দেশনা দেওয়া হয় বৈঠকে।
পুলিশ কমিশনার বলেন, ক্রিকেট খেলোয়াড়দের যাতায়াতের সময় স্টিল মিল বাজার ও সাগরিকা গরুর হাট পড়বে। ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর ওই দুইটি হাটে অতিরিক্ত লোকবল নিয়োগ করে রাস্তা পরিষ্কার রাখতে হবে।
বৈঠকে চামড়া পাচার রোধ ও ঈদের বন্ধে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ কমিশনার। তিনি বলেন, চামড়া পাচার যাতে না হয় পুলিশ তৎপর থাকবে। ঈদের বন্ধে নগরের দর্শনীয় স্থানে লোকজনের ভিড় থাকে। সেখানে নিরাপত্তা জোরদার থাকবে।
বৈঠকে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) দেবদাস ভট্টাচার্য, অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) সালেহ মোহাম্মদ তানভীর ও অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) মাসুদ উল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।