হাট বসানো নিয়ে উত্তেজনা শৈলকুপায় ১৪৪ ধারা
ঝিনাইদহের শৈলকুপার তমালতলা-নিশ্চিন্তপুর পুরোনো বাজারের মাত্র এক কিলোমিটার দূরে সিদ্ধি-আমতলা নামক স্থানে আরেকটি নতুন বাজার প্রতিষ্ঠা নিয়ে দুই এলাকার লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। গতকাল বুধবার নতুন বাজারে পশু কেনাবেচার প্রস্তুতি নিলে প্রতিপক্ষের লোকজন তা প্রতিহত করার উদ্যোগ নেয়।এ নিয়ে সংঘর্ষের আশঙ্কায় প্রশাসন বুধবার সকাল আটটা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে। প্রশাসন গত মঙ্গলবার রাতে ওই এলাকায় মাইকিং করেছে। এলাকায় উত্তেজনা চলছে। এলাকাবাসী জানান, উপজেলা দ্বিগনগর ইউনিয়নের তমালতলায় কালী নদীর পাড়ঘেঁষে একটি বাজার রয়েছে। নদীর পূর্ব পাশে তমালতলায় দোকানপাট আর পশ্চিম পাশে নিশ্চিন্তপুরে পশুর হাট রয়েছে। বাজারের অধিকাংশ দোকান ত্রিবেণী ইউনিয়নের লোকজনের। পার্শ্ববর্তী দ্বিগনগর ইউনিয়নের লোকজন সেখানে কেনাকাটা করতে যায়। অনেক সময় ছোটখাটো বিষয় নিয়ে তাদের মধ্যে বচসা হলে ত্রিবেণী ইউনিয়নের লোকজন তাদের প্রভাব খাটানোর চেষ্টা করে।সম্প্রতি দ্বিগনগর ইউনিয়নের রানা ও সুলতান নামের দুই ছাত্রকে মারপিট করার ঘটনায় দ্বিগনগরের লোকজন ওই হাট থেকে এক কিলোমিটার দূরে তাদের নিয়ন্ত্রিত সিদ্ধি গ্রামে আরেকটি হাট বসানোর পরিকল্পনা করে। বুধবার নতুন ওই হাটে কেনাবেচা শুরু হওয়ার কথা ছিল। ত্রিবেণী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেকেন্দার আলী মোল্লা জানান, তমালতলা বাজারের সাপ্তাহিক বাজার বসে বুধবার। সিদ্ধি গ্রামের লোকজনও একই দিন সাপ্তাহিক বাজারের সময় দিয়েছে। এটা প্রতিহিংসা ছাড়া আর কিছুই নয়। দ্বিগনগর ইউপির চেয়ারম্যান তোজামেঞ্চল হোসেন জানান, ওই বাজারের ক্রেতা-বিক্রেতাদের ওপর নানাভাবে নির্যাতন করা হয়। বিশেষ করে, পশু কেনাবেচা করতে গিয়ে লোকজন হয়রানির শিকার হয়। এ কারণে এলাকার মানুষ চাইেছে আরেকটি পশুহাট বসাতে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব জানান, পুরোনো হাটটি সরকারের তালিকাভুক্ত থাকায় অনুমোদন ছাড়া নতুন হাট বসানো অবৈধ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজমুল হক জানান, দুই কিলোমিটারের মধ্যে নতুন হাট বসানোর কোনো নিয়ম নেই। এ কারণে বিষয়টি নিয়ে তাঁরা আইনগত পদক্ষেপ নেবেন। আপাতত সংঘর্ষ এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। নতুন বাজারের সব কার্যক্রম বন্ধ আছে।