হাট-বাজার, পুকুর ইজারায় আ.লীগের কর্মীদের বাগড়া!
দিনাজপুরের পার্বতীপুরে আওয়ামী লীগের কর্মী ও সমর্থকদের বাধায় ২৪টি হাট-বাজারের ইজারা প্রদানের জন্য রাখা বাক্সে দরপত্র জমা দিতে পারেননি আগ্রহী ব্যক্তিরা। একইভাবে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের বাধায় জয়পুরহাটের ক্ষেতলালে ৪৭০টি খাসপুকুরের ইজারা প্রদানের জন্য রাখা বাক্সে দরপত্র জমা দেওয়া যায়নি বলে ভুক্তভোগী ব্যক্তিরা অভিযোগ করেছেন। দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ২৪টি হাট ও বাজারের ইজারা দেওয়ার জন্য গত ২৫ জানুয়ারি দরপত্র আহ্বান করা হয়েছিল। গত ২৪ ফেব্রুয়ারি ছিল দরপত্র জমা দেওয়ার শেষ দিন। হাট ও বাজার ইজারা নিতে আগ্রহী ব্যক্তিরা গত ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত দিনাজপুরের জেলা প্রশাসক, ইউএনও ও উপজেলা ভূমি কার্যালয় থেকে প্রায় ১০০টি দরপত্র কেনেন। গত ২৫ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত ওই তিন দপ্তরে মাত্র ৪৮টি দরপত্র জমা পড়ে। ইজারা নিতে ইচ্ছুক কয়েকজন জানান, দরপত্র জমা দেওয়ার শেষ সময় পর্যন্ত আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের বাধার কারণে তাঁরা দরপত্র জমা দিতে পারেননি। ইউএনও মুজিব-উল-ফেরদৌস বলেন, ‘দরপত্র জমা দেওয়ার সময় বাধা প্রদানের কোনো ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই।’ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামাণিক জানান, দরপত্র জমা দেওয়ার সময় আওয়ামী লীগের কর্মী ও সমর্থকেরা কোনো আগ্রহী ব্যক্তিকে বাধা দেয়নি।জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ৪৭০টি খাসপুকুর ইজারা নেওয়ার জন্য দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল গত ২৫ ফেব্রুয়ারি। ওই দিন পর্যন্ত ১৩১টি দরপত্র বিক্রি হয়েছিল। কিন্তু আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাধার কারণে ইজারা নিতে আগ্রহী ৬৯টি মত্স্যজীবী সমিতি বাক্সে দরপত্র ফেলতে পারেনি বলে অভিযোগ পাওয়া গেছে। সমিতিগুলোর সদস্যরা আভিযোগ করেন, ওই দিন বেলা ১১টার পর ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের কিছুসংখ্যক নেতা-কর্মী তাঁদের ধাক্কাধাক্কি করে ইউএনওর কার্যালয় থেকে বের করে দেন। আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম বলেন, দরপত্র ফেলতে বাধা দেওয়া হয়নি। তবে দরপত্র জমা না দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে। জলমহাল ইজারা কমিটির সভাপতি ও ইউএনও রুহুল আমিন মিঞা বলেন, ‘পুকুর ইজারা দেওয়ার কার্যক্রম স্থগিত করা হয়েছে। তবে আগ্রহী ব্যক্তিরা যে দরপত্র বাক্সে ফেলতে পারছে না সে রকমের কোনো অভিযোগ আমি পাইনি।’