হাট শুরু হতে না-হতেই ভালো রাস্তা খুঁড়ে গর্ত

কোরবানির পশুর হাটে পশু বাঁধার খুঁটি পুঁততে একটি সড়কের বিভিন্ন স্থানে শতাধিক গর্ত করা হয়েছে। সম্প্রতি এই সড়কে পিচ ঢালাই করা হয়েছিল। গোপীবাগের পাশে সাদেক হোসেন খোকা সড়কে গতকাল সোমবার এ দৃশ্য দেখা যায়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ইজারা দেওয়া ব্রাদার্স ক্লাব কোরবানির পশুর হাটের সঙ্গে এই সড়ক যুক্ত। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে এলাকায় গিয়ে দেখা যায়, আরকে মিশন রোড–সংলগ্ন সাদেক হোসেন খোকা সড়কের মুখে হাটটির বিশাল রঙিন তোরণ তৈরি করা হয়েছে। সেখান থেকে প্রায় ১০ গজ দূরেই রাস্তা খুঁড়ে বাঁশ পোঁতা হচ্ছে। অথচ গর্ত না খুঁড়েই একটি বাঁশের খুঁটির সঙ্গে আরেকটি যুক্ত করে ভারসাম্য বজায় রাখা সম্ভব। সড়কটির শাকিল অটোমোবাইলসের সামনে এবং আশপাশেও একইভাবে গর্ত খোঁড়া হয়েছে। উপস্থিত শ্রমিকদের এ বিষয়ে প্রশ্ন করলে জবাব আসে, তাঁরা শুধু হুকুমই পালন করছেন।
যোগাযোগ করা হলে ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং এই হাটের কমিটির প্রধান সুলতান মিয়া প্রথম আলোকে বলেন, সড়কে গর্ত করার বিষয়টি তাঁর জানা নেই। তিনি বলেন, ‘গত বছর এভাবে রাস্তা খুঁড়ে বাঁশ পুঁততে দেখেছিলাম।’ এবার কমিটির প্রধান হিসেবে রাস্তা খোঁড়ার বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেবেন কি না জানতে চাইলে কাউন্সিলর বলেন, ‘ঘটনাস্থল ঘুরে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে।’
নিয়ম অনুসারে ঈদের তিন দিন আগে হাটে পশু আনার কথা। কিন্তু এখানে এরই মধ্যে পশু আনা শুরু হয়েছে। স্থানীয় কমিউনিটি সেন্টারের সামনে, বাংলাদেশ ব্যাংকের পেছনের রাস্তায় গরু বাঁধা অবস্থায় দেখা যায়। মোটর গ্যারেজের সামনে বড় একটি ব্যানার টানানো। সেখানে লেখা আছে ‘কামাল বেপারীর ৫০টি গরু’।
কোরবানির পশুগুলো হাটের সীমানার বাইরে না রাখতে ঢাকা মহানগর পুলিশের নিষেধাজ্ঞা রয়েছে। গত বছর এ ধরনের নিষেধাজ্ঞার পরও মধুমিতা সিনেমা হলের সামনের করিডরে, এমনকি মতিঝিল প্রধান সড়কের একাংশেও পশু রাখা হয়েছিল। ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের ধারেও বিপজ্জনকভাবে রাখা হয়েছিল পশু। এবারও একই কাজ করা হবে বলে স্থানীয় দোকানিদের শঙ্কা।
জসীম উদ্দীন সড়কের বাসিন্দা আবদুল গনি বলেন, এই হাট থেকে অনেক দূরে তাঁদের এলাকা। কিন্তু গত বছর সেখানেও গরু দাঁড় করিয়ে রাখা হয়েছিল। মধুমিতা সিনেমার পাশে একটি ব্যাংকের কর্মচারী আবদুর রশিদ বলেন, এবারও হাটের কর্মীদের বলতে শুনেছেন, গত বছরের মতো এবারও সিনেমা হলের সামনে পশু রাখা হবে।