হাটখোলা পেয়াদাপাড়ার পানি পানের অনুপযোগী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাটখোলা আনসার ক্যাম্পের পেছন দিকে পেয়াদাপাড়া এলাকায় ওয়াসার পানিতে আবার দুর্গন্ধ দেখা দিয়েছে। এলাকাবাসী রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন এবং বালুর মাঠ পানির পাম্প থেকে বিশুদ্ধ পানি সংগ্রহ করতে ভিড় করছে। বালুর মাঠে মাঝরাতেও পানির জন্য লাইন দিচ্ছে মানুষ।
গতকাল মঙ্গলবার এলাকায় গিয়ে পানি নিয়ে ভোগান্তির এ তথ্য জানা যায়। সকাল সাড়ে আটটার দিকে দুই হাতে দুটি পানির জার নিয়ে পেয়াদাপাড়ার পেছন দিক (ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের বিপরীত দিকে) থেকে বেরোচ্ছিলেন বয়োজ্যেষ্ঠ বেলাল হোসেন। বললেন, আগে বাসাবোতে থাকতেন। নাতনিকে এখানে (টিকাটুলী) কামরুন্নেসা সরকারি বালিকা বিদ্যালয়ে ভর্তি করানোর পর পেয়াদাপাড়ায় বাসা ভাড়া করেছেন, দুই মাস হলো। আসার পর থেকে খাবার পানি নিয়ে কষ্ট করছেন। সকালে রামকৃষ্ণ মিশন থেকে পানি সংগ্রহ করেন, সন্ধ্যায় বালুর মাঠ পানির পাম্প থেকে। সম্প্রতি চাকরি থেকে অবসর নেওয়ার পর এখন এভাবে পানি সংগ্রহ করাই যেন তাঁর চাকরি। কিন্তু এভাবে পানি সংগ্রহের বিষয়টি প্রতিদিন তাঁর মধ্যে ক্ষোভের জন্ম দিচ্ছে।
রামকৃষ্ণ মিশনের ফটকের ভেতরে ডান পাশে একটি পানির কল (ট্যাপ)। সেখান থেকে অনেকেই পানি সংগ্রহ করেন। পাঁচ লিটার থেকে ২০ লিটারের জার, কলসি—সবই নিয়ে আসে মানুষ। বেলাল হোসেন বলেন, গন্ধ থাকায় বাসায় আসা পানি ফুটিয়েও পান করা যায় না। রামকৃষ্ণ মিশনের গভীর নলকূপের পানি ফোটাতে হয় না, সরাসরিই পানের যোগ্য।
রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের স্বামী গুরুসেবানন্দ প্রথম আলোকে বলেন, সেবামূলক কাজের অংশ হিসেবে এখানকার বিশুদ্ধ জল এলাকাবাসীকে বিনা মূল্যে সংগ্রহ করতে দেওয়া হয়। সকাল সাতটা থেকে নয়টা এবং বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এখান থেকে জল সংগ্রহ করা যায়।
রামকৃষ্ণ মিশন থেকে কিছু দূরে গোপীবাগ (বালুর মাঠ) পানির পাম্প। পাম্পের সামনে কল থেকে পানি পড়ছে। খোঁজ নিয়ে জানা যায়, সারা দিন এমনকি গভীর রাতেও এখানে পানি নিতে আসেন চারদিকের মানুষ। গতকাল বিকেলে দেখা গেল, পানির পাত্র পেতে রেখেছেন অনেকেই। বেশির ভাগই পেয়াদাপাড়া এলাকার বাসিন্দা। আখতার হোসেন নামের এক বাসিন্দা বলেন, বাসার কলে ওয়াসার যে পানি আসে, সে পানিতে অনেক দিন ধরেই গন্ধ ছিল। মাঝে কিছুটা ভালো হলেও এখন রীতিমতো দুর্গন্ধ। ফোটালেও গন্ধ যায় না। ঝাঁজালো পানি, চোখমুখ ধুলে অস্বস্তি লাগে। তিনি বলেন, রামকৃষ্ণ মিশন আর বালুর মাঠের পাম্প না থাকলে এলাকাবাসী খুবই সমস্যায় পড়তেন।
দেখা গেল, কিশোর থেকে বয়োজ্যেষ্ঠ সব বয়সের মানুষের ভিড়। পেয়াদাপাড়ার কিশোর সুমন নিয়ে এসেছে দুই লিটারের বোতল। সে জানায়, বাসা থেকে তার বাবা, কাকা এবং সে যখনই বের হয়, তার মা হাতে বোতল (পানির পাত্র) ধরিয়ে দেন আসার পথে জল নিয়ে আসতে। শুধু সুমন নয়, পেয়াদাপাড়ায় পানির দুর্গন্ধের জন্য প্রায় প্রতি বাড়ির বাসিন্দাকেই এ ধরনের পাত্র হাতে নিয়ে বেরোতে হয়।
বালুর মাঠ পাম্পে কর্তব্যরত ফোরকান বলেন, এখান থেকে যেকোনো সময় পানি সংগ্রহ করা যায়। কখনোই বাধা দেওয়া হয় না। পাম্পে উপস্থিত ওয়াসার অপর এক কর্মী এই প্রতিবেদককে বলেন, পাম্প থেকে ভালো পানি উত্তোলন করা হলেও সরবরাহ পাইপ অনেক পুরোনো। অনেক অংশেই ফুটো হয়ে গেছে। তাই পানিতে গন্ধ। কিন্তু কোথায় ফুটো তা বের করতে হলে রাস্তা কেটে খুঁজতে হবে। তা এখন সম্ভব নয়।