হাটগোপালপুর হাসপাতাল ভবন নির্মাণ থমকে আছে

ঝিনাইদহের হাটগোপালপুর ২০ শয্যা হাসপাতালের ভবন নির্মাণ কাজ বছরের পর বছর বন্ধ রয়েছে।
হাসপাতাল না থাকায় এখানকার লোকজনকে জরুরি চিকিৎসা নিতে ১৫ থেকে ১৬ কিলোমিটার দূরে যেতে হচ্ছে।
হাটগোপালপুর গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, হাটগোপালপুর বাজার ঝিনাইদহ জেলার গুরুত্বপূর্ণ এলাকা। এই বাজারের দিয়ে ঝিনাইদহ সদর উপজেলার পদ্মকর, দোগাছি ও হরিশংকরপুর ইউনিয়ন এবং মাগুরা জেলার হাজিপুর ইউনিয়নের পাঁচটি গ্রামের ৫০ হাজার মানুষ যাতায়াত করে।
স্থানীয় সুজিত কুমার কুণ্ডু বলেন, এখানকার মানুষকে জরুরি চিকিৎসার প্রয়োজনে অনেক দূরে যেতে হয়। এ অবস্থার কথা চিন্তা করে এর আগে তাঁরা হাটগোপালপুর বাজারে একটি হাসপাতাল নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন। ২০০৬ সালে সেই সময়ের সরকার এখানে হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত নেয়। জেলা সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে তাঁদের কাছে জমি চাওয়া হয়। তাঁরা বাজারের পশ্চিম পাশে তিন একর জমি দেন। তিনি নিজেও ১৩ শতাংশ জমি দিয়েছেন। সরকারের পক্ষ থেকে তাঁদের জমির মূল্যও পরিশোধ করা হয়েছে। কিন্তু হাসপাতাল আর হয়নি। তাই এখনো তাঁদের চিকিৎসা নিতে ১৫ কিলোমিটার দূরে ঝিনাইদহ সদর অথবা ১৬ কিলোমিটার দূরের মাগুরা সদর হাসপাতালে যেতে হচ্ছে।
সুজিত জানান, কিছুদিন আগে পাশের লৌহজং গ্রামের আসাদুল ইসলাম সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলেন। হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।
আরেক বাসিন্দা মশিউর রহমান বলেন, তাঁদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে হাসপাতালটি তৈরি হওয়ার কথা ছিল। কিন্তু কেন হলো না, তা তিনি বুঝতে পারছেন না। দ্রুত তিনি এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ২০০৬ সালে ৬২ লাখ ৫২ হাজার ৮০৪ টাকা ব্যয় করে তিন একর জমি অধিগ্রহণ করা হয়। একই বছরের ১৪ আগস্ট ২০ শয্য হাসপাতালের ভবন নির্মাণের জন্য ১০ কোটি টাকার দরপত্র আহ্বান করা হয়। ওই বছরের ২১ অক্টোবর তৎকালীন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আমিনুল হক ও স্বাস্থ্য মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির তৎকালীন সভাপতি মসিউর রহমান নির্মাণকাজের উদ্বোধনও করেন। কিন্তু আজও ভবনটি নির্মাণ হয়নি। ইতিমধ্যে হাসপাতালের কিছু যন্ত্রপাতিও চলে এসেছে। কিন্তু ভবন না থাকায় হাসপাতাল চালু হচ্ছে না।
সিভিল সার্জন আবদুস সালাম জানান, তাঁরাও চান ওই স্থানে হাসপাতালটি নির্মাণ করা হোক। কিন্তু এটা রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া সম্ভব নয়। বিষয়টি নিয়ে তাঁরা উচ্চপর্যায়ে যোগাযোগ করবেন বলে জানান।