হাটবাজার ইজারার দরপত্র জমা দিতে আ.লীগের বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বাধায় গতকাল সোমবার নাটোর সদর উপজেলার ৩৪টি হাটবাজার ইজারা দেওয়ার জন্য বিক্রি হওয়া দরপত্রের অর্ধেকই জমা পড়েনি। ৩৪ লাখ টাকা ন্যূনতম ইজারা মূল্যের এসব হাটবাজার নিজেদের আয়ত্তে রাখার জন্য তাঁরা সাধারণ ব্যবসায়ীদের দরপত্র জমা দিতে দেননি বলে অভিযোগ পাওয়া গেছে।
উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, উপজেলার ৩৪টি হাটবাজার এক বছরের জন্য (বাংলা ১৪২১ সন) ইজারা দেওয়ার লক্ষ্যে গত ২৭ জানুয়ারি দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী গতকাল সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), পুলিশ সুপার ও জেলা প্রশাসকের কার্যালয়ে দরপত্র জমা নেওয়া হয়।
সরেজমিনে সদরের ইউএনওর কার্যালয়ে দেখা যায়, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী দরপত্র ফেলার বাক্স ঘিরে দাঁড়িয়ে আছেন। তাঁরা বাধা দেওয়ায় দরপত্র হাতে নিয়ে কেউ ওই বাক্সের কাছে যেতে পারছেন না। সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া চেয়ারম্যান পদপ্রার্থী হামিদুর রহমান দরপত্র দাখিল করতে যান। এ সময় কয়েক দফা তাঁকে আটকে দেওয়া হয়। বাধা উপেক্ষা করে তিনি দরপত্র ফেলার বাক্সের কাছে পৌঁছালে দুর্বৃত্তরা তাঁকে লাঞ্ছিত করে। একপর্যায়ে ইউএনওর সহায়তায় তিনি দরপত্র জমা দেন ।
হামিদুর রহমান অভিযোগ করেন, ‘দুর্বৃত্তরা আওয়ামী লীগ, যুব ও ছাত্রলীগের নেতা-কর্মী। তারা সব হাটবাজার তাদের নিয়ন্ত্রণে নিতে চায়। এ কারণে তারা আমাদের দরপত্র দাখিল করতে বাধা দিয়েছে।’
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আহাদ আলী সরকার জানান, তিনি এ ব্যাপারে কিছু জানেন না। পরে খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন।
উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, ৩৪টি হাটবাজারের বিপরীতে দরপত্র বিক্রি হয়েছিল ৮০টি। গতকাল বেলা তিনটায় দরপত্রের বাক্স খোলা হলে মাত্র ৪২টি দরপত্র পাওয়া যায়। সদর থানার উপপরিদর্শক ইসলাম হোসেন বলেন, ‘দরপত্র জমা দিতে বাধা দেওয়ার কোনো অভিযোগ কেউ আমাদের কাছে করেননি।’ ইউএনও মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, ‘কেউ কেউ বাধা দেওয়ার অভিযোগ আমার কাছে মৌখিকভাবে করেছেন।’