হাটবাজার উন্নয়নের নাম নেই টাকা পড়ে আছে ব্যাংকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলার ১৬টি হাটবাজার থেকে মোটা অঙ্কের অর্থ আয় হলেও এসব হাটবাজারের উন্নয়নের উদ্যোগ নেই। ব্যাংকে টাকা জমা থাকলেও এসব হাটবাজারের কোনো উন্নয়ন করা হয়নি।
উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা ইসলাম বলেন, গত দুই বছরে হাটবাজার উন্নয়নে কোনো সভা হয়েছে বলে তাঁর জানা নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্র জানায়, গত দুই বছরে (বাংলা সন অনুযায়ী) উপজেলার হাটবাজার থেকে ইজারামূল্য বাবদ আয় হয়েছে ১ কোটি ৬৪ লাখ ৭৬ হাজার ৮৫৯ টাকা। এর ১৫ শতাংশ প্রায় ২৫ লাখ টাকা হাটবাজারের উন্নয়ন খাতে ব্যয় হবে।
ইউএনও এ কে এম সরোয়ার জাহান বলেন, গত দুই বছর উপজেলার হাটবাজারগুলোতে উন্নয়নকাজ না হলেও সরকারি নীতিমালা অনুয়ায়ী প্রায় ২৫ লাখ টাকা ব্যাংকে জমা রয়েছে। তবে আয়ের অন্যান্য টাকা সংশ্লিষ্ট খাতে ব্যয় করা হয়েছে। দ্রুতই তিনি কমিটির সভা করে উন্নয়নের ব্যবস্থা নেবেন।
উপজেলা প্রশাসন ১৬টি হাটবাজার ইজারা দিয়ে থাকে। চলতি বছর ইজারা পাওয়া তিনজন ইজারাদার বলেন, সরকারি নীতিমালা অনুয়ায়ী মোট ইজারামূল্যের ১৫ শতাংশ টাকা এসব হাটবাজার উন্নয়নে ব্যয় করার নির্দেশনা রয়েছে। কিন্তু গত দুই বছরে এক টাকাও উন্নয়নকাজে ব্যয় করা হয়নি। হাটবাজারের সমস্যা নিয়ে উপজেলা প্রশাসনকে একাধিকবার জানিয়েও কোনো কাজ হয়নি।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার ভবানীপুর, মির্জাপুর, ফুলবাড়ী, সীমাবাড়ী, জামাইল ও চৌমুহনী হাটের বিভিন্ন সড়কে বৃষ্টির পানি জমে কাদা হয়ে গেছে। অনেক জায়গায় শেড না থাকায় ক্রেতা-বিক্রেতারা দুর্ভোগ পোহাচ্ছেন।
এ সময় সাত-আটজন ব্যবসায়ী অভিযোগ করেন, চলতি বর্ষায় দুর্ভোগ আরও বেড়ে গেছে। হাটবাজার উন্নয়নে কর্তৃপক্ষের কোনো নজর নেই।
ভবানীপুর হাটের ইজারাদার রহমুতুল বারী বলেন, এই হাটে ১৯৮৯ সালে একটি ছাউনি নির্মাণ করা হয়েছিল। ১০-১২ বছর আগে সেটি ঝড়ে উড়ে গেছে। নতুন করে ছাউনি নির্মাণ না করায় সেখানকার জায়গা বেদখল হয়ে যাচ্ছে। মির্জাপুর হাটের ইজারাদার তারিকুল ইসলাম বলেন, বৃষ্টি হলেই হাটের চালপট্টিতে ব্যবসায়ীদের দুর্ভোগ বেড়ে যায়। একটি ছাউনি নির্মাণের জন্য তিনি উপজেলা প্রশাসনকে একাধিকবার অনুরোধ করেছেন। কিন্তু কোনো কাজ হয়নি।
ফুলবাড়ী বাজারের ইজারাদার সুনন্দ কুণ্ডু বলেন, উপজেলার কৃষকদের একমাত্র সবজিবাজার এটি। সপ্তাহে পাঁচ দিন ভোররাত থেকে বাজার বসে। দেশের বিভিন্ন জেলা থেকে পাইকাররা এ বাজারে এসে সবজি কিনে থাকেন। বাজারের মধ্যে কোনো ছাউনি না থাকায় ব্যবসায়ীদের দুর্ভোগ দিন দিন বেড়েই চলেছে।
উপজেলার কুসুম্বী ইউপি চেয়ারম্যান শাহ আলম জানান, তাঁর ইউনিয়নের আলতাদীঘি ও চৌমুহনী হাটে নতুন করে ছাউনি নির্মাণ করা জরুরি। সীমাবাড়ী ইউপির চেয়ারম্যান আফতাব উদ্দিন তালুকদার বলেন, সীমাবাড়ী হাটের প্রবেশমুখের সড়কটি খানাখন্দে ভরা। বৃষ্টি হলেই পানিতে ভরে যায়। ফলে ক্রেতা-বিক্রেতাদের দুর্ভোগে পড়তে হয়।