হাটবাজারে মেয়াদোত্তীর্ণ ও নকল কীটনাশক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার বিভিন্ন হাটবাজারে অবাধে নকল ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি করা হচ্ছে। আর এসব কীটনাশক কিনে প্রতারিত হচ্ছেন কৃষকেরা। কারণ, এগুলো ব্যবহার করে তাঁরা আশানুরূপ ফল পাচ্ছেন না। এতে তাঁরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, এই কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা এ পর্যন্ত আদমদীঘি উপজেলার বেশ কয়েকটি কীটনাশকের দোকানে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা মূল্যের মেয়াদোত্তীর্ণ ও নকল কীটনাশক জব্দ করে গুদামে রেখে দিয়েছেন। এ ছাড়া বেশ কয়েকজন কীটনাশক বিক্রেতাকে কারণ দর্শানোর জন্য নোটিশ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, ১৩ এপ্রিল আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইব্রাহিম খান মুরইল বাজারে মেসার্স আর্শিল ট্রেডার্স নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির দায়ে দুই হাজার টাকা জরিমানা করেন। কয়েক দিন আগে উপজেলা কৃষি কর্মকর্তা ও কর্মচারীরা নশরতপুর বাজারের মেসার্স খাদিজা ট্রেডার্স ও মেসার্স রবিন ট্রেডার্সে অভিযান চালিয়ে ১৬ ধরনের, আদমদীঘির মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজ থেকে ছয় এবং সান্তাহার-ঢাকা রোডের মোহাম্মাদ আলী ট্রেডার্স থেকে সাত ধরনের কীটনাশক জব্দ করেন।উপজেলা কৃষি কর্মকর্তা রওশন জামাল জানান, মেয়াদোত্তীর্ণ কীটনাশকের তালিকায় বায়ার কোম্পানির খলিকুর, ডেসিস, শারীব কোম্পানির ম্যাক্সেলসহ ১৭ ধরনের কীটনাশক রয়েছে। নকল সন্দেহে লারসেন কেমিক্যালের বিজিএম নামের কীটনাশক জব্দ করা হয়েছে। আদমদীঘি সদরের তালশন গ্রামের কৃষক শামসুল আলম বলেন, দীর্ঘদিন ধরে উপজেলার নশরতপুর বাজারে একটি চক্র নকল ও ভেজাল কীটনাশক তৈরি করে বাজারজাত করছে। বেশ কয়েকবার পুলিশসহ কৃষি বিভাগ এই চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়েছে। তবে ওই চক্রের অপতৎপরতা এখনো বন্ধ হয়নি।উপজেলা কৃষি কর্মকর্তা রওশন জামাল এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শারমিন আক্তার জানান, নকল এবং ভেজাল কীটনাশক তৈরি ও বিক্রি রোধে উপজেলা কৃষি বিভাগ তৎপর রয়েছে এবং মাঝেমধ্যে বিশেষ অভিযান চালানো হচ্ছে। তাঁরা আরও জানান, নশরতপুর বাজারের ওই চক্রের সদস্যদের খোঁজখবর নেওয়া হচ্ছে। তদন্তের স্বার্থে তাঁদের নাম প্রকাশ করা যাচ্ছে না।