চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হাটহাজারী উপজেলা শাখা ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতাকে মারধরের ঘটনায় গতকাল বুধবার সকালে ক্যাম্পাসের মূল প্রবেশপথ ১ নম্বর ফটক এক ঘণ্টা অবরোধ করে রাখা হয়। হাটহাজারী উপজেলা ছাত্রলীগ এই কর্মসূচি পালন করে।
কর্মসূচির কারণে শিক্ষক বাস, অটোরিকশাসহ সব ধরনের যান চলাচল বন্ধ ছিল। এতে শিক্ষার্থী ও শিক্ষকেরা দুর্ভোগে পড়েন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত শুক্রবার শাহজালাল ছাত্রাবাসের সামনে হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম ও উপজেলা যুবলীগের সদস্য মোরশেদ চৌধুরীর ওপর হামলা চালান বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কিছু কর্মী। হামলাকারীরা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের স্থগিত কমিটির সভাপতি আলমগীর টিপুর অনুসারী। ওই হামলার সঙ্গে জড়িত লোকজনকে গ্রেপ্তারের দাবিতে হাটহাজারী উপজেলা ছাত্রলীগ গতকাল অবরোধ কর্মসূচি পালন করে।
হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. কামাল প্রথম আলোকে বলেন, ‘হামলাকারী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশের কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা ১ নম্বর ফটক অবরোধ করি। প্রক্টর ও হাটহাজারী থানার পুলিশ কর্মকর্তার আশ্বাসে অবরোধ স্থগিত করেছি। আগামী ৪৮ ঘণ্টার ভেতরে যদি ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে অবরোধসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।’
সরেজমিন দেখা যায়, হাটহাজারী উপজেলা ছাত্রলীগের তিন শতাধিক নেতা-কর্মী ও স্থানীয় লোকজন বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর ফটক এলাকায় অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করছেন। সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত কর্মসূচি চলার সময় অবরোধকারীদের সঙ্গে প্রশাসনের আলোচনা চলে। একপর্যায়ে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে অবরোধ তুলে নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘তদন্ত সাপেক্ষে হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল বলেন, হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের সিক্সটি নাইন পক্ষের দুজনকে আটক করা হয়। তাঁরা গতকাল আদালত থেকে জামিন পেয়েছেন।
ছাত্রলীগের স্থগিত কমিটির সভাপতি আলমগীর টিপু বলেন, ‘আমরা ত্রিপক্ষীয় বৈঠক করে বিষয়টি সমাধান করব।’