হাটহাজারী ও বাগেরহাটে এক সেনাসদস্যসহ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় গত রোববার হামলার প্রতিবাদে হেফাজতে ইসলামের ডাকা সড়ক অবরোধের সময় গতকাল সোমবার চট্টগ্রামের হাটহাজারীতে পুলিশের গুলিতে দলটির দুই কর্মী এবং সেনাবাহিনীর গোয়েন্দা শাখার এক সদস্যসহ ছয়জন নিহত হয়েছেন। বাগেরহাটে নিহত হয়েছেন হেফাজতের এক কর্মী। এ ছাড়া সীতাকুণ্ড উপজেলার মীরেরহাট ও নোয়াখালীতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করে হেফাজতে ইসলাম।

হাটহাজারী (চট্টগ্রাম): হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা হাটহাজারী বাস টার্মিনাল এলাকায় গতকাল চট্টগ্রাম-খাগড়াছড়ি ও চট্টগ্রাম-রাঙামাটি সড়ক অবরোধ করেন। তাঁরা চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের হাটহাজারী মাদ্রাসার পার্শ্ববর্তী এলাকায় একটি কালভার্ট উপড়ে ফেলেন। এ সময় তাঁরা হাটহাজারী থেকে সরকারহাট পর্যন্ত প্রায় ছয় কিলোমিটারজুড়ে বিদ্যুতের খুঁটি ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন। মাদ্রাসার কাছে চা-বাগানের একটি জিপ ও যাত্রীবাহী একটি টেম্পোতে আগুন ধরিয়ে দেন।

বিকেলে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) ফরিদ উদ্দিনের নেতৃত্বে পুলিশ, বিজিবি ও র‌্যাবের সদস্যরা চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক থেকে অবরোধ তুলে নিতে হেফাজতের প্রতি আহ্বান জানান। কিন্তু এতে সাড়া না দিয়ে হাটহাজারীর মেডিকেল গেট এলাকায় হেফাজতের কর্মীরা প্রতিরোধ গড়ে তুলে পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎমিশ বলেন, প্রতিরোধের মুখেও বাংলাদেশ সেনাবাহিনীর সার্জেন্ট সাইদুর রহমান ঘটনাস্থলে দায়িত্ব পালন করছিলেন। এ সময় হেফাজতের কর্মীরা ইট দিয়ে তাঁর মাথায় আঘাত করতে থাকেন। তাঁদের সঙ্গে বিএনপির স্থানীয় কর্মীদেরও যোগ দিতে দেখা যায়। এ দৃশ্য দেখে পুলিশ গুলি চালায়। এ সময় ছয়জন নিহত হন।

নিহত ব্যক্তিরা হলেন আনোয়ার জাহেদ (২৫), শাহাদাত হোসেন (১৮), মোহাম্মদ মামুন (২০), জসিম উদ্দিন (৩২), আবু নোমান (৪০) ও সাইদুর রহমান (৩৫)। এর মধ্যে আনোয়ার জাহেদ ও শাহাদাত হোসেন হেফাজতের কর্মী ও হাটহাজারী দারুল উলুম মুঈনুল ইসলামের (হাটহাজারী মাদ্রাসা) ছাত্র। আবু নোমান স্থানীয় হাটহাজারী আদর্শ একাডেমির শিক্ষক। অন্য দুজনের বাড়ি হাটহাজারীর মিরেরখীল।

সাইদুর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সার্জেন্ট। তিনি সাদা পোশাকেই ছিলেন। ধারণা করা হচ্ছে, তিনি ছুটিতে বাড়ি এসেছিলেন। তাঁর বাড়ি আলীপুর এলাকায়। এ ঘটনায় ১৫ জন আহত হয়েছেন।

সীতাকুণ্ড (চট্টগ্রাম): সকাল নয়টায় এক মাদ্রাসাশিক্ষকের মৃত্যুর খবর শুনে উপজেলার মীরেরহাট বটতল এলাকায় সড়ক অবরোধ করেন হেফাজতের কর্মীরা। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাগেরহাট: বাগেরহাটে সকাল থেকে বেলা আড়াইটা পর্যন্ত পুলিশ ও র‌্যাবের সঙ্গে কয়েক দফা সংঘর্ষে হেফাজতে ইসলামের এক কর্মী নিহত হয়েছেন। হেফাজতের কর্মীদের ছোড়া ইট ও লাঠির আঘাতে আহত হয়েছেন পুলিশ, সাংবাদিক, পথচারীসহ ২০ জন। সকাল আটটা থেকে খুলনা-মংলা সড়কের চুলকাঠি ও কাটাখালী মোড় এবং বাগেরহাট-খুলনা সড়কের টাউন নওয়াপাড়া ও কাঁঠালতলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র মণ্ডল বিকেলে জানান, বেলা পৌনে একটার দিকে টাউন নওয়াপাড়া এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় সাইফ শেখ নামের এক যুবক নিহত হন। তিনি ফকিরহাট উপজেলার পিলজং গ্রামের মহিউদ্দিন শেখের ছেলে। তাঁর লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে বেলা সোয়া একটার দিকে সাঈদ মোড়ল নামের এক ব্যক্তি এই প্রতিবেদককে বলেন, পুলিশের গুলিতে তাঁর ভাই সিদ্দিক মোড়ল (৪৭) নিহত হয়েছেন বলে তিনি জানতে পেরেছেন। তবে সেই লাশ কোথায় আছে, তা তিনি বলতে পারেননি। পুলিশ এ খবর শুনেছে, তবে নিশ্চিত হতে পারেনি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল থেকে দুপুর পর্যন্ত সংঘর্ষ চলাকালে শাড়ি ও সালোয়ার-কামিজ পরা হেফাজতে ইসলামের দুই শতাধিক নারী কর্মী পুলিশ, সাংবাদিক ও পথচারীদের ওপর হামলা চালান। এ সময় পুলিশ শটগানের অন্তত ৩০০টি গুলি ছোড়ে।

আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন বাগেরহাটের সহকারী পুলিশ সুপার (খ-সার্কেল) শহীদুল ইসলামসহ পুলিশের সাতজন কনস্টেবল, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সময় টেলিভিশনের বাগেরহাট প্রতিনিধি আলী আকবর টুটুল।

নোয়াখালী: নোয়াখালীর চাটখিলের হালিমা দীঘিরপাড় এলাকায় গাছ কেটে চাটখিল-সোনাইমুড়ী সড়ক সকাল নয়টা থেকে দেড় ঘণ্টা অবরোধ করে রাখেন হেফাজতের স্থানীয় কর্মীরা।