হাটহাজারী ও রাউজানে দুটি সংগঠনের কর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ১৫
চট্টগ্রামের হাটহাজারী ও রাউজানের বিভিন্ন স্থানে দুটি সংগঠনের কর্মীদের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আহলে সুন্নাত ওয়াল জামাতের (গাউছিয়া কমিটির) কর্মীদের বহনকারী একটি গাড়িতে মুনিরীয়া যুব তাবলিগের অনুসারীরা হামলা চালালে এ ঘটনার সূত্রপাত হয়। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনার কারণে রাউজান-চট্টগ্রাম সড়কে দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। রাত সাড়ে আটটার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। আহতদের মধ্যে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল সাড়ে পাঁচটার দিকে হাটহাজারী বাসস্ট্যান্ডে সমাবেশ করে ফিরছিলেন গাউছিয়া কমিটির অনুসারীরা। তাঁদের নেতা মাওলানা শফিউল ইসলাম নেজামীর ওপর হামলার প্রতিবাদে ওই সভা আহ্বান করা হয়। ফেরার পথে রাউজান কলেজের সামনে তাঁদের বহনকারী গাড়িতে মুনিরীয়া যুব তাবলিগের অনুসারীরা হামলা করেন। এর প্রতিবাদে গাউছিয়া কমিটির অনুসারীরা ফকিরহাটে যুব তাবলিগের অনুসারীদের দুটি দোকান, নয়ারহাটে একটি কার্যালয় ও তকিরহাটে একটি বাড়িতে অগ্নিসংযোগ করেন। এ ছাড়া পথে পথে উভয় পক্ষের মধ্যে থেমে থেমে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। হাটহাজারী সার্কেলের এএসপি মো. বাবুল আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মুনিরীয়া যুব তাবলিগের একটি কার্যালয় ও দোকানে আগুন দেওয়া হয়েছে। এর আগে গাউছিয়া কমিটির গাড়িতে হামলা হয়। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।