চট্টগ্রামের হাটহাজারী উপজেলার এগারো মাইল এলাকায় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) একটি ট্রান্সফরমার বিকল হয়ে গেছে। এ কারণে ১০ দিন ধরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) হাটহাজারী ও ষোলশহর বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন এলাকাগুলোতে তীব্র লোডশেডিং চলছে। গরমের সময় প্রয়োজনীয় বিদ্যুৎ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এসব এলাকার বাসিন্দারা।
ষোলশহর বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন হামজারবাগ এলাকার বাসিন্দা মো. নাছির উদ্দিন গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, ‘সারা দিনে ১২ থেকে ১৪ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। গরমে রাতে ঘুমাতে পারছি না, বাচ্চারা ঠিকমতো পড়তে পারছে না। বিদ্যুৎ অফিসে অভিযোগ করেও কোনো লাভ হয়নি।’
এ বিষয়ে পিডিবির হাটহাজারী বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী হোসেন ইমাম বলেন, ‘পিজিসিবির ট্রান্সফরমার বিকল হওয়াতে এ সমস্যা তৈরি হয়েছে। অর্ধেক বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। দিনরাত গ্রাহকেরা অভিযোগ জানাচ্ছেন। কিন্তু কিছু করার নেই। আমরাও ভুক্তভোগী।’
জানতে চাইলে পিজিসিবি চট্টগ্রাম উত্তরের নির্বাহী প্রকৌশলী নুরুদ্দিন মো. ফরহাদ প্রথম আলোকে বলেন, বিকল্প একটি ট্রান্সফরমার দিয়ে বিদ্যুৎ সরবরাহ করে সংকট কিছুটা দূর করা হচ্ছে। নতুন ট্রান্সফরমার বসানো হয়েছে। আজকালের মধ্যেই সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে বলে জানান তিনি।