হাটহাজারী কলেজে শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাটহাজারী কলেজে ছাত্রলীগের ভাঙচুর ও কলেজ অধ্যক্ষকে কক্ষে আটকে রেখে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে গতকাল বুধবার কলেজ শিক্ষক-কর্মচারী পরিষদ কর্মবিরতি পালন করেছে। তাঁরা ক্যাম্পাসে মৌন মিছিল বের করেন এবং প্রতিবাদ সমাবেশ করেন। তাঁরা এ ঘটনায় জড়িত ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছেন।এদিকে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে পূর্বনির্ধারিত ত্রিপক্ষীয় সমঝোতা বৈঠক হয়নি। কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও হাটহাজারীর সাংসদ আনিসুল ইসলাম মাহমুদ প্রথম আলোকে বলেন, যারা ঘটনা ঘটিয়েছে তাদের সঙ্গে বৈঠকের প্রয়োজন নেই। কলেজ চলবে আইনের গতিতে।গতকাল কলেজের অধ্যক্ষ মির কফিল উদ্দিনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তারা এ ঘটনার নিন্দা জানান। তাঁরা বলেন, এমন অরাজক পরিস্থিতি চলতে থাকলে শিক্ষকদের মর্যাদা নিয়ে চাকরি করা অসম্ভব হয়ে পড়বে। সভায় সন্ত্রাসী ঘটনায় জড়িত সন্ত্রাসীদের বিরুদ্ধে থানায় মামলা করার ঘোষণা দেওয়া হয়।সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপাধ্যক্ষ নূরুল হুদা, অধ্যাপক জহুর উল আলম চৌধুরী, অধ্যাপক মো. শফিকুল ইসলাম, অধ্যাপক মো. শামসুল আলম, অধ্যাপক মোজাফফর উদ্দিন আহমদ, অধ্যাপক ফজলুল কাদের প্রমুখ। সভা শেষে শিক্ষক-কর্মচারীদের একটি মৌন মিছিল হাটহাজারী সদর প্রদক্ষিণ করে।এদিকে কলেজে পেশাগত দায়িত্ব পালনকালে যুগান্তর-এর হাটহাজারী প্রতিনিধি আবু তালেবের ওপর ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলা ও তাঁর মোবাইল ফোনসেট ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে স্থানীয় সাংবাদিকেরা প্রতিবাদ সভা করেছেন। সভায় বক্তারা ঘটনার নিন্দা জানিয়ে সন্ত্রাসীদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান। পরে গতকাল সন্ধ্যায় তালেব হাটহাজারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।