হাটহাজারী থানার আশপাশের রাস্তায় সিসি ক্যামেরা
চট্টগ্রাম জেলার হাটহাজারী মডেল থানা ভবনের দোতলার বারান্দায় বালুর বস্তা দিয়ে তৈরি করা হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। আশপাশের দুই কিলোমিটার এলাকাজুড়ে রয়েছে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা। যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি হিসেবে এ ব্যবস্থা রাখা হয়েছে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ কমিশনার আ ফ ম নিজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, অফিসে বসেই হাটহাজারী সদরের দুই কিলোমিটার এলাকা পর্যবেক্ষণ করা যাচ্ছে। দিন-রাতে যেকোনো ঘটনা ঘটুক না কেন, তা সিসি ক্যামেরায় ধরা পড়ছে। ক্যামেরা বসানোর পর মেয়েদের উত্ত্যক্ত করার ঘটনা কমে গেছে। ছিনতাইও হচ্ছে না।
তবে অন্য পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, রাজনৈতিক কারণে এখন হাটহাজারী দেশের খুবই গুরুত্বপূর্ণ থানা। সাম্প্রতিক সময়ে যুদ্ধাপরাধীর রায়সহ নানা বিষয়ে গুজব ছড়িয়ে দেশে নাশকতা সৃষ্টির চেষ্টা করছে দুর্বৃত্তরা। তারা বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের ব্যানারে রাস্তায় নেমে পুলিশের ওপর আক্রমণ করছে। এমন পরিস্থিতি সৃষ্টির আগেই যাতে পুলিশ বুঝতে পারে, সে জন্যই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। আর সম্ভাব্য হামলা ঠেকাতে বালুর বস্তা দিয়ে নির্মাণ করা হয়েছে বিশেষ ব্যবস্থা, যাতে বাইরে থেকে হামলা হলে এটিকে ঢাল হিসেবে ব্যবহার করা যায়।
ক্যামেরা পরিচালনার সঙ্গে যুক্ত একজন পুলিশ সদস্য জানান, এসব সিসি ক্যামেরা ২৪ ঘণ্টাই চালু থাকছে। এগুলো লাগাতে সরকারি কোনো অর্থের দরকার পড়েনি। স্থানীয় লোকজনের অর্থে এগুলো লাগানো হয়েছে। একটি বেসরকারি প্রতিষ্ঠান ক্যামেরাগুলো দেখভাল করছে।
সিসি ক্যামেরা পরিচালনাকারী প্রতিষ্ঠান মেট্রিক্স সলিউশনের কর্মকর্তা মামুনুর রশীদ প্রথম আলোকে জানান, হাটহাজারী বাসস্ট্যান্ডে দুটি, কলেজ গেটে একটি, থানার সামনে একটি, কাচারী রোডে দুটিসহ মোট নয়টি ক্যামেরা রয়েছে। তিনি বলেন, কিছুদিন আগে থানা ভবনের সামনে থেকে পুলিশের মোটরসাইকেল চুরি হয়েছিল। সিসি ক্যামেরা দেখে চোর শনাক্ত করে গাড়ি উদ্ধার করা হয়।
হাটহাজারী কাচারী সড়ক বণিক সমিতির যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন বলেন, সিসি ক্যামেরা বসানোর পর গত ঈদে শান্তিতে ব্যবসা করেছেন তাঁরা। এখন অপরাধ করে কেউ পার পাওয়ার সুযোগ নেই।