হাটহাজারী থানার এক পরিদর্শককে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
চট্টগ্রামের হাটহাজারী থানার এক পরিদর্শককে (অভিযান) প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। এতে বক্তারা অভিযোগ করেন, ইয়াবা ব্যবসায়ী, ভূমিদস্যু ও সন্ত্রাসীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেন পরিদর্শক শরিফুল আলম। সন্ত্রাসীদের ‘আশ্রয়দাতা’ হিসেবেও তাঁকে অভিযুক্ত করেন তাঁরা। তাঁকে দায়িত্ব থেকে প্রত্যাহার করার দাবি করেন তাঁরা।
গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার ফতেয়াবাদ এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। স্থানীয় লোকজনের পাশাপাশি চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড এবং হাটহাজারীর ১২ নম্বর চিকনদণ্ডী ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ এই কর্মসূচির আয়োজন করে।
অবশ্য অভিযোগ অস্বীকার করে হাটহাজারী থানার পরিদর্শক (অভিযান) শরিফুল আলম গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তাঁকে হেয়প্রতিপন্ন করতে ষড়যন্ত্রমূলকভাবে এই মানববন্ধন করা হয়েছে।
এদিকে মানববন্ধনে বক্তারা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পরিদর্শক শরিফুল আলমকে দায়িত্ব থেকে প্রত্যাহারের দাবি জানান। তা না হলে এলাকাবাসীকে নিয়ে থানা ঘেরাও করাসহ বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তাঁরা। এতে বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি লেয়াকত আলী, দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাফর আলম চৌধুরী, হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সদস্য নাছির আহমেদ, চট্টগ্রাম নগর ছাত্রলীগের সদস্য গাজী আক্কাস প্রমুখ।
পরিদর্শকের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আল মাহমুদ হাসান প্রথম আলোকে বলেন, একটি পক্ষ তাঁর (শরিফুল) বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এরপরও অভিযোগগুলো তদন্ত করা হবে।