হাটহাজারী বিদ্যুৎকেন্দ্রকে কারণ দর্শানোর নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হালদা নদীতে ফার্নেস তেল ফেলে প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র দূষণের অভিযোগে ও পরিবেশ ছাড়পত্র না থাকায় চট্টগ্রামের হাটহাজারী ১০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। গতকাল বুধবার অধিদপ্তরের একটি দল পরিদর্শন করে এই নোটিশ দেয়। তাদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না তা তিন কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মো. জাফর আলমের নেতৃত্বে দলটি হাটহাজারীর জোবরা, দেওয়াননগর এলাকায় অবস্থিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি পরিদর্শন করে। এ সময় বিদ্যুৎ উৎপাদনে ব্যবহূত ফার্নেস অয়েল রেলওয়ে ওয়াগন থেকে স্থানান্তরের সময় গড় দোয়ারা অংশের চেংখালী খাল হয়ে হালদা নদীতে গিয়ে পড়ছে বলে তাঁরা প্রমাণ পান। অধিদপ্তরের পরিচালক জাফর আলম বলেন, ‘হালদা নদী প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র। তেলের দূষণের কারণে প্রজননের জন্য আসা মা-মাছ এবং নদীর জীববৈচিত্র্য হুমকির মধ্যে পড়ছে। এতে নদীর মাছ ও রেণুর মৃত্যুঝুঁকি বেড়েছে। তাই কর্তৃপক্ষকে নোটিশ দেওয়া হয়েছে।’ বিদ্যুৎকেন্দ্রটির পরিবেশগত ছাড়পত্রও নেই বলে জাফর আলম জানান। অধিদপ্তর সূত্রে জানা গেছে, পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১২ ধারার বিধানমতে, যেকোনো প্রকল্প গ্রহণের আগে পরিবেশ অধিদপ্তরের অবস্থানগত ছাড়পত্র নেওয়া বাধ্যতামূলক। কিন্তু বিদ্যুৎকেন্দ্রটি সেটা করেনি। এটা পরিবেশ সংরক্ষণ আইনে শাস্তিযোগ্য অপরাধ।