হাটহাজারী মাদ্রাসার সহকারী পরিচালক হলেন বাবুনগরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার জ্যেষ্ঠ শিক্ষক জুনায়েদ বাবুনগরীকে মাদ্রাসাটির সহকারী পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি হেফাজতে ইসলামের মহাসচিব। এই প্রথমবারের মতো কাউকে সহকারী পরিচালকের দায়িত্ব দেওয়া হলো। গতকাল শনিবার মাদ্রাসা পরিচালনা কমিটির মজলিশে শুরার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। মাদ্রাসায় অনুষ্ঠিত বৈঠকে শুরার ২১ সদস্যের মধ্যে ১৫ জন উপস্থিত ছিলেন। সর্বশেষ ২০১২ সালে শুরার বৈঠক অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে মজলিশে শুরার সদস্য ও বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাসচিব আবদুল কুদ্দুস বলেন, বর্তমান মহাপরিচালক আহমদ শফী অসুস্থ হয়ে পড়ায় তাঁকে সহযোগিতার জন্য জুনায়েদ বাবুনগরীকে সহকারী পরিচালকের দায়িত্ব দিয়েছে শুরা কমিটি।