হাটহাজারী সদর ইউপি নির্বাচনের পুনঃ তফসিল
চট্টগ্রামের হাটহাজারী সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পুনঃ তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১০ জুলাই এ ইউপিতে ভোট গ্রহণ হবে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য এবং সাধারণ সদস্যপ্রার্থীরা ১১ থেকে ১৫ জুন পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। ১৭ জুন মনোনয়নপত্র বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৪ জুন। হাটহাজারী সদর ইউনিয়নকে পৌরসভা ঘোষণার বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চিঠি পেয়ে নির্বাচন কমিশন সচিবালয় গত ১৮ মে ওই ইউনিয়নের নির্বাচন স্থগিত করে। পরে এক প্রার্থী কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এক আদেশে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত তিন মাসের জন্য স্থগিত করেন। তাই নির্বাচন কমিশন গত ২ জুন আরেক আদেশে পুনঃ তফসিল ঘোষণা করে। যেসব প্রার্থী ইতিমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন, তাঁদের নতুন করে মনোনয়নপত্র জমা দিতে হবে না।