হাটহাজারীতে অশ্লীল নাচ-গানের আসর বন্ধ করল পুলিশ
চট্টগ্রামের হাটহাজারী উপজেলা সদরের কড়িয়াদীঘি এলাকায় মেহেদি পার্ক কমিউনিটি সেন্টারে অশ্লীল নাচ-গানের আসর গত শুক্রবার রাতে বন্ধ করে দিয়েছে পুলিশ। পুলিশ জানায়, বন্ধন নামের একটি সংগঠনের ব্যানারে স্থানীয় কয়েকজন ব্যবসায়ী ও যুবক মিলে নর্তকী এনে নাচ-গান ও মদের এ আসর বসায়। জনপ্রতি এক হাজার টাকা চাঁদা দিয়ে শতাধিক মানুষ এ অনুষ্ঠানে আসে। অনুষ্ঠানে আসা নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি প্রথম আলোকে জানান, নাচ-গান ছাড়াও বিরিয়ানি ও প্রতি ছয়জনকে এক বোতল মদ দেওয়া হয়। খবর পেয়ে রাত একটার দিকে হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) বাবুল আকতারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে এ অনুষ্ঠান পণ্ড করে দেয়। হাটহাজারী থানার নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, সেখানে ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে কয়েকজন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীকে দেখা গেছে। এ ব্যাপারে মেহেদি পার্ক কমিউনিটি সেন্টারের পরিচালক সিরাজ মেহেদি জানান, বন্ধনের ব্যানারে মো. রাশেদ নামের এক ব্যবসায়ী বন্ধুদের পুনর্মিলনী অনুষ্ঠানের জন্য এটি ভাড়া নেন। অশ্লীল নাচ-গানের ব্যাপারে তিনি কিছুই জানতেন না।মো. রাশেদ কমিউনিটি সেন্টার ভাড়া নেওয়ার কথা অস্বীকার করে বলেন, তিনি এক হাজার টাকা দিয়ে টিকিট কিনে অনুষ্ঠানে গিয়েছিলেন। তবে তিনি কার কাছ থেকে টিকিট কিনেছেন, প্রশ্ন করা হলে কোনো সদুত্তর দিতে পারেননি।