হাটহাজারীতে অ্যানথ্রাক্স টিকার জন্য টাকা নেওয়ার অভিযোগ
চট্টগ্রামে অ্যানথ্রাক্স রোগের টিকা দেওয়ার বিনিময়ে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। হাটহাজারী উপজেলার গুমানমর্দন, মির্জাপুরসহ আশপাশের কয়েকটি এলাকার গবাদিপশুর মালিকেরা এ অভিযোগ করেন।স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আইয়ুব মিয়া তাঁর সহকারী কামাল উদ্দিনের মাধ্যমে টিকা দেওয়ার জন্য পশুপ্রতি ৩০ থেকে ১৫০ টাকা পর্যন্ত নিচ্ছেন। উপজেলার মির্জাপুরের নঈম উদ্দিন অভিযোগ করেন, তাঁর একটি গরুকে অ্যানথ্রাক্স টিকা দিতে ১২০ টাকা খরচ পড়ে। কামাল উদ্দিন নামে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের এক ব্যক্তি আইয়ুব মিয়ার পক্ষে এই টাকা নেন।গুমানমর্দন এলাকার বড়ুয়াপাড়ার উত্তম বড়ুয়া বলেন, ‘আমরা ২৯ সেপ্টেম্বর সকালে প্রাণিসম্পদ কর্মকর্তার হাতে প্রতিটি ভ্যাক্সিনের জন্য ৩০ টাকা করে দিয়েছি। বড়ুয়াপাড়ার অনেকেই এদিন “তপন স্টোর”-এর সামনে তাঁকে টাকা দিয়ে গরুর ভ্যাক্সিন দিয়েছেন।’চট্টগ্রামের সিভিল সার্জন আবু তৈয়ব প্রথম আলোকে বলেন, কোথায়ও টাকা নিয়ে টিকা দেওয়ার অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।হাটহাজারী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আইয়ুব মিয়ার মুঠোফোনে কয়েক দফা যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবু তাহের মৃধা বলেন, প্রতি ১০০টি গরুকে টিকা দেওয়ার জন্য ৫০ টাকা করে নেওয়ার সরকারি নির্দেশনা আছে। এর বেশি কোনো কর্মকর্তা নিতে পারেন না। কারও বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।