হাটহাজারীতে আ.লীগের ভরাডুবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেফাজতের ঘাঁটি হিসেবে পরিচিত চট্টগ্রামের হাটহাজারী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যানসহ তিনটি পদেই বিপুল ভোটের ব্যবধানে আওয়ামী লীগের প্রার্থীরা হেরে গেছেন।
ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত ইসলামী ঐক্যজোটের নাছির উদ্দিন মুনীর উত্তর জেলা হেফাজতে ইসলামের সহসম্পাদক। হেফাজতের আমির আহমদ শফী প্রকাশ্যে মাহফিলে তাঁর পক্ষে ভোট চেয়েছিলেন। চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে হেফাজত প্রকাশ্যে কাউকে সমর্থন দেয়নি। চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চৌধুরী এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে জামায়াতের মনোয়ারা বেগম জয়ী হয়েছেন। প্রকাশ্যে সমর্থন না দিলেও ভেতরে ভেতরে হেফাজতের সঙ্গে প্যানেলভুক্ত এই দুজনের একটা বোঝাপড়া গড়ে উঠেছিল বলে জানান নাছির উদ্দিন মুনীর। তিনি বলেন, ‘প্যানেলের প্রতি আমার দল ও অন্যদের সমর্থন ছিল।’
জানা গেছে, নবনির্বাচিত তিনজন একই প্যানেলভুক্ত হয়ে নির্বাচন করেছেন। বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ভোট গ্রহণের কয়েক দিন আগে হাটহাজারী গিয়ে এক নির্বাচনী সভায় এই প্যানেল ঘোষণা করেন। তিনজনই প্রায় কাছাকাছি ৪৯ হাজার থেকে ৫৭ হাজার ভোট পেয়েছেন। পরাজিত আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা ১৮ হাজার থেকে ২০ হাজার ভোট পেয়েছেন।
উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম বলেন, বিএনপি, জামায়াত ও হেফাজতের ঐক্যের পাশাপাশি নিজেদের সাংগঠনিক দুর্বলতা ছিল। তারা ভোটারদের ঘরের কোণ থেকে ডেকে এনেছেন। কিন্তু সাংগঠনিক দুর্বলতার কারণে তাঁরা ভোটারদের আনতে পারেননি। এ ছাড়া প্রার্থীর ইমেজ-সংকটও ছিল।