হাটহাজারীতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১২
চট্টগ্রামের হাটহাজারীতে গতকাল বুধবার ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছে।উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম ও শিক্ষাবিষয়ক সম্পাদক ইউনুছ গণি চৌধুরীর অনুসারীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, হাটহাজারী কলেজের প্রথম বর্ষের এক ছাত্রীর সঙ্গে কথা বলা নিয়ে বেলা দুইটার দিকে ইউনুছ গণির অনুসারী কলেজছাত্র বেলালের সঙ্গে এম এ সালাম পক্ষের কর্মী একই কলেজের ছাত্র জিসানের বাগিবতণ্ডা হয়। তবে একপর্যায়ে দুজনের মধ্যে সমঝোতাও হয়। কিন্তু কিছুক্ষণ পর হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সদস্য এম এ সালাম পক্ষের কর্মী মো. এনামের নেতৃত্বে এবং ইউনুছ গণির পক্ষের মো. শফির নেতৃত্বে উভয় পক্ষের নেতা-কর্মীরা কলেজ-সংলগ্ন সড়কে লাঠিসোঁটা, রড ও স্টাম্প নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ১২ জন আহত হন। গুরুতর আহত নজরুলকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।সংঘর্ষের সময় কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। পরে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।জানতে চাইলে ইউনুছ গণি চৌধুরী গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, জেলা পর্যায়ের নেতৃত্বে ঐক্য না থাকায় মাঠপর্যায়ে এর প্রভাব পড়ছে। তিনি বলেন, জেলা নেতৃত্ব উপজেলা ও কলেজ পর্যায়ে পকেট কমিটি করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। জবাবে এম এ সালাম বলেন, ‘আমি কোনো গ্রুপিংয়ের রাজনীতি করি না এবং বিশ্বাসও করি না।’ তিনি বলেন, এক ছাত্রীর সঙ্গে কথা বলাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিউল আলম বলেন, পরিস্থিতি এখন শান্ত। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।