হাটহাজারীতে ছিনতাই একজনকে গণপিটুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাটহাজারীতে ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে এক দোকানের কর্মচারীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে উপজেলার হাটহাজারী-রাঙামাটি সড়কের চৌধুরীহাট বাজারে এ ঘটনা ঘটে। ছিনতাই করে পালানোর সময় স্থানীয় লোকজন মো. জাহেদ নামের এক যুবককে ধরে গণপিটুনি দেন।
ছিনতাইয়ের শিকার চৌধুরীহাট বাজারের পাইকারি মুদির দোকান ‘অজিত স্টোর’-এর কর্মচারী সাগর চক্রবর্তী প্রথম আলোকে বলেন, শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় দুই দিনের বিক্রির টাকা ব্যাংকে জমা দিতে দোকান থেকে হেঁটে তিনি স্ট্যান্ডার্ড ব্যাংকের চৌধুরীহাট শাখায় যাচ্ছিলেন। চৌধুরীহাট বাজারের বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছার পর এক যুবক তাঁকে পেছন থেকে ধাক্কা দেন। কিছু বুঝে ওঠার আগেই তাঁকে কিল-ঘুষি মারতে থাকেন ওই যুবক। এ সময় আরও দুই যুবক তাঁকে ঘিরে ফেলেন।
সাগর চক্রবর্তী বলেন, একপর্যায়ে তাঁকে ছুরি মেরে ১ লাখ ২০ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেন তাঁরা। তাঁর কাছে ছয় লাখ টাকা ছিল। পালানোর সময় জাহেদ নামের একজনকে ধরে স্থানীয় লোকজন গণপিটুনি দেন। পরে তাঁকে পুলিশের কাছে তুলে দেওয়া হয়।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল মো. জাহাঙ্গীর বলেন, ছিনতাই হওয়া টাকা উদ্ধারে অভিযান চলছে। গণপিটুনিতে আহত ছিনতাইকারী সুস্থ হওয়ার পর জড়িত বাকিদের শনাক্ত করা যাবে। আহত জাহেদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।