হাটহাজারীতে ছুরিকাঘাতে নিহত ১
চট্টগ্রামে পাওনা টাকা নিয়ে দুপক্ষের মধ্যকার বিরোধ মেটাতে গিয়ে ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন।
গত শনিবার রাত সাড়ে আটটার দিকে চট্টগ্রামের হাটহাজারীর নন্দীরহাটে এই ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর আলমের (৪০) বাড়ি বাঁশখালীতে। তিনি ঘটনাস্থলের পাশের একটি ময়দার কারখানায় প্রহরী হিসেবে কাজ করতেন।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন মো. জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, নন্দীরহাট রেলস্টেশনের পাশে স্থানীয় মো. হেলাল ও মো. সালাউদ্দিনের মধ্যে আড়াই হাজার টাকা পাওনা নিয়ে কথা-কাটাকাটি হচ্ছিল। স্টেশনে হাঁটতে আসা ময়দার মিলের প্রহরী জাহাঙ্গীর দুপক্ষের ঝগড়া থামাতে যান। একপর্যায়ে ছুরিকাঘাতে তিনি নিজেই নিহত হন। স্থানীয় লোকজন মো. মামুন নামের একজনকে ধরে পুলিশে সোপর্দ করেছে। পরে মধ্যরাতে পুলিশ অভিযান চালিয়ে অস্ত্রসহ হেলালকে নন্দীরহাট থেকে এবং তাঁর সহযোগী দুলালকে গ্রেপ্তার করে। এই ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।