হাটহাজারীতে টেম্পো খাদে ১০ শিক্ষার্থীসহ আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় টেম্পো উল্টে খাদে পড়ে স্থানীয় একটি বিদ্যালয়ের ১০ শিক্ষার্থীসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। গতকাল শনিবার মির্জাপুরের মইঘ্যাহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাদের মধ্যে দুই স্কুলছাত্রীর অবস্থা আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ওই টেম্পোটি যাত্রী নিয়ে হাটহাজারী থেকে নাজিরহাট যাচ্ছিল। সকাল সাড়ে নয়টার দিকে ওই স্থানে পৌঁছালে টেম্পোটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় মির্জাপুর উচ্চবিদ্যালয়ের ১০ শিক্ষার্থীসহ ১৫ জন যাত্রী আহত হয়। আহত ব্যক্তিরা হলো: মুক্তা মণি, আসমা বিনতে আজিজ, মো. আলী, নীপা দত্ত, সাহাদাত হোসেন, সুমি দত্ত ও নীমা দত্ত। অন্যদের পরিচয় জানা যায়নি। হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাওন বড়ুয়া বলেন, আহত ছাত্রী মুক্তা মণি ও আসমা বিনতে আজিজের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ওই টেম্পোর যাত্রী মাহবুব আলম বলেন, হাটহাজারী থেকে টেম্পোটি চালিয়ে আসেন একজন হেলপার। পথে চারিয়া, বুড়িপুকুর, কলঘর মুছার দোকানসহ বিভিন্ন স্থান থেকে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা গাড়িতে ওঠে। দুর্ঘটনার সময় চালকের আসনে থাকা ওই হেলপার মুঠোফোনে কথা বলছিলেন। হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) বাবুল আকতার বলেন, গাড়িটি জব্দ করা হয়েছে। চালকের] আসনে থাকা ওই হেলপারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।