হাটহাজারীতে ট্রাকের চাপায় অটোরিকশার চার যাত্রী নিহত
চট্টগ্রামের হাটহাজারীতে গত শনিবার রাতে ট্রাকের চাপায় একজন নারীসহ সিএনজিচালিত অটোরিকশার মোট চারজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোরিকশার চালক।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, চট্টগ্রাম-হাটহাজারী সড়কের আলাওল দিঘি পশ্চিমপাড় এলাকায় শনিবার রাত ১১টার দিকে চট্টগ্রামগামী একটি ট্রাক (চট্ট মেট্রো দ-৬৬৭) হাটহাজারীগামী একটি অটোরিকশাকে (চট্ট মেট্রো ত-১২-৩৯৬৩) চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় অটোরিকশার ভেতরে থাকা তিন যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে অপর যাত্রী মারা যান। নিহত যাত্রীদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন: হাটহাজারীর মেখল গ্রামের লেদু মিয়ার ছেলে মো. জমির (২৮), চুন্নু মিয়ার ছেলে মো. দিদার (৫২) ও মো. শফির স্ত্রী বেবি আকতার (৩৫)। গুরুতর আহত অটোরিকশাচালক মো. বাবুকে (৩৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।হাটহাজারী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মাছুম প্রথম আলোকে জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছেন।