হাটহাজারীতে ট্রান্সফরমার চোর চক্রের ১১ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাটহাজারী থানার পুলিশ বিদ্যুতের ট্রান্সফরমার চুরির অভিযোগে ১১ জনকে গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার ভোরে হাটহাজারী সড়কের চৌধুরীহাট বাজারে ট্রাক নিয়ে একটি ট্রান্সফরমার খোলার চেষ্টাকালে প্রথমে নয়জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের তথ্য অনুযায়ী শহর থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে চট্টগ্রাম ও নোয়াখালী জেলার বিভিন্ন থানায় ট্রান্সফরমার চুরির অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।হাটহাজারী থানার পরিদর্শক মো. জাকের হোসাইন মাহমুদ প্রথম আলোকে জানান, শুক্রবার ভোর পৌনে চারটার দিকে চৌধুরীহাট বাজার এলাকায় বিদ্যুতের খুঁটির সঙ্গে ট্রাক লাগিয়ে ট্রান্সফরমার চুরির সময় নয়জনকে আটক করা হয়। এ সময় চোরাইকাজে ব্যবহূত একটি ট্রাক, তার কাটার দুটি বড় কাটার, একটি লম্বা বাঁশের মাথার সঙ্গে সংযুক্ত প্লাস, রাবারের হ্যান্ড গ্লাভস, ট্রাকে রাখা ১০ বস্তা বালু ও রশি জব্দ করা হয়। হাটহাজারী থেকে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: মো. আবু তাহের (২৪), নজরুল ইসলাম (২২), ফারুক হোসেন (২৫), ইকবাল হোসেন (২০), সালাউদ্দিন (২০), মো. জাহাঙ্গীর আলম (৪৫), ফোরকান উদ্দিন (২৩), মো. মামুন (২৩) ও মো. রুবেল (২০)। তবে ঘটনাস্থল থেকে আবদুর রহমান এবং আমির হোসেন নামের দুজন পালিয়ে যায়। নগরের বায়েজিদ এলাকা থেকে গ্রেপ্তার দুজন হলেন মো. শওকত আকবর (২৮) ও আবদুল কাদের। তাঁদের বাড়ি চট্টগ্রাম ও নোয়াখালীতে। তাঁরা নগরের বিভিন্ন এলাকায় থাকেন।পুলিশ সূত্র জানায়, রহমান ও আমিরের নেতৃত্বে চোর চক্র চট্টগ্রাম, নোয়াখালী এবং ফেনী জেলায় বিভিন্ন সময়ে ট্রাক নিয়ে ট্রান্সফরমার চুরি করে। ট্রাকের সামনে অগ্রগামী দল হিসেবে সিএনজিচালিত অটোরিকশায় থাকে দুজন। শেষ রাতের দিকে তারা বের হয়। এ সময় রাস্তায় লোকজন কম থাকে এবং পুলিশি টহল থাকে না। ট্রান্সফরমারের নিচে ট্রাক থামিয়ে চোর দলের সঙ্গে থাকা মিস্ত্রি বাঁশের মাথায় থাকা প্লাস দিয়ে ফিউজ ব্যারেলের তার ছিঁড়ে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে। এরপর সার্ভিস তার কেটে রশি দিয়ে বেঁধে জোরে টান দিলে ট্রান্সফরমার ট্রাকের ওপর পড়ে।পুলিশ সূত্র জানায়, চুরি করা এসব ট্রান্সফরমার আবাসন ব্যবসায়ীরা কিনে নেন। নিজস্ব বিদ্যুৎ উপকেন্দ্রে তাঁরা এগুলো ব্যবহার করেন। এসব চুরির সঙ্গে পিডিপির লোকজনও জড়িত থাকতে পারে।