হাটহাজারীতে ডাকাত-পুলিশ বন্দুকযুদ্ধ, তিনজন গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় গত শুক্রবার রাতে ডাকাতদলের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ হয়েছে। প্রায় ২৫ মিনিটের ওই বন্দুকযুদ্ধে দুই ডাকাত এবং পুলিশের এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।বন্দুকযুদ্ধের পর পুলিশ ঘটনাস্থল থেকে দুটি এলজি, একটি দোনলা দেশীয় বন্দুক, বন্দুকের ১৩টি গুলি উদ্ধার একং ১১ ডাকাতকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় থানায় তিনটি মামলা হয়েছে।পুলিশ জানায়, কক্সবাজার থেকে আসা ডাকাতদলের সদস্যরা হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের মধ্যম মাদার্শা এলাকার একটি বাড়িতে শুক্রবার রাতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার বাবুল আকতারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশ পাল্টা গুলি ছুড়লে উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়ে যায়। বন্দুকযুদ্ধে উভয় পক্ষের মধ্যে অন্তত ৫০টি গুলিবিনিময় হয়। এ সময় ডাকাতদলের সদস্য নুরুজ্জামান (৩৮), বদিউল আলম (২৬) ও পুলিশ কনস্টেবল আশিক গুলিবিদ্ধ হন।প্রায় ২৫ মিনিট ধরে বন্দুকযুদ্ধ চলার পর একপর্যায়ে ডাকাতেরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ দুজনসহ মোট ১১ ডাকাতকে গ্রেপ্তার করে। তবে ডাকাতদলের প্রধান জসিমসহ অন্যরা পালিয়ে যান।হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মীর কাশেম জানান, এ ঘটনায় ডাকাতির প্রস্তুতি, অস্ত্র আইন ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে পৃথক তিনটি মামলা হয়েছে।