হাটহাজারীতে ডাকাত সন্দেহে গণপিটুনি নিহত ২
চট্টগ্রামের হাটহাজারীর ফতেপুরে মঙ্গলবার দিবাগত রাতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাতে একদল ডাকাত দরজা ভেঙে উপজেলার নেহালপুর গ্রামের একটি বাড়িতে প্রবেশ করে। পরে তারা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে আলমারি ভেঙে ১০ ভরি স্বর্ণালংকার, ৩০ হাজার টাকা, দুটি মুঠোফোনসহ মূল্যবান মালামাল লুট করে। ডাকাতির খবর এলাকায় প্রচারিত হলে জনতা চারদিক থেকে ডাকাতদের ঘিরে ফেলে। পরে জনতা দুই ডাকাতকে ধরে পিটুনি দেয়। এ সময় ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। গণপিটুনির শিকার জাবেদ (২২) ঘটনাস্থলে নিহত হন। গণপিটুনিতে গুরুতর আহত মো. ইসমাইলকে (২৫) পুলিশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
থানার ওসি মো. ইসমাইল গণপিটুনিতে দুই ডাকাতের নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। তিনি বলেন, ডাকাতির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে।
সেচ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল গ্রামে আলুখেতে পানি সেচ দেওয়া কেন্দ্র করে সংঘর্ষে জহিরুল ইসলাম (২৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গত মঙ্গলবার বিকেলে জহিরুল ইসলাম ও মো. ইসমাইল সম্পর্কে চাচাতো-জেঠাতো ভাই বাড়ির পাশের আলুখেতে পানি সেচ দেওয়াকে কেন্দ্র করে ঝগড়ায় জড়িয়ে পড়েন। সন্ধ্যায় এ নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে জহিরুল ইসলাম, মো. ইসমাইল, হেফাজুতুল ইসলাম চৌধুরী ও আবুল কাশেমসহ পাঁচজন আহত হন। জহিরুলকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার ভোরে তিনি মারা যান।
জহিরুলের ভাই হেফাজুতুল ইসলাম বলেন, সন্ত্রাসীরা পিটিয়ে জহিরুল ইসলামকে হত্যা করেছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ আহমদ খান ও বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।