হাটহাজারীতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ২
চট্টগ্রামের হাটহাজারীর ফতেপুরে মঙ্গলবার দিবাগত রাতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাতে একদল ডাকাত দরজা ভেঙে উপজেলার নেহালপুর গ্রামের একটি বাড়িতে প্রবেশ করে। পরে তারা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে আলমারি ভেঙে ১০ ভরি স্বর্ণালংকার, ৩০ হাজার টাকা, দুটি মুঠোফোনসহ মূল্যবান মালামাল লুট করে।
ডাকাতির খবর এলাকায় প্রচারিত হলে জনতা চারদিক থেকে ডাকাতদের ঘিরে ফেলে। পরে জনতা দুই ডাকাতকে ধরে পিটুনি দেয়। এ সময় ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। গণপিটুনির শিকার জাবেদ (২২) ঘটনাস্থলে নিহত হন।
গণপিটুনিতে গুরুতর আহত মো. ইসমাইলকে (২৫) পুলিশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল গণপিটুনিতে দুই ডাকাতের নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
ওসি আরও বলেন, ডাকাতির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে।