হাটহাজারীতে ডাকাতি, হামলায় দুজন গুরুতর আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের ফতেয়াবাদ ছড়ারকূল এলাকার আনর আলী চৌধুরীর বাড়িতে গত রোববার রাতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতদের হামলায় দুজন গুরুতর আহত হন। এই ঘটনায় থানায় মামলা হয়েছে। থানা ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত দুইটায় মুখোশ পরা ২০-২৫ জনের সশস্ত্র একদল ডাকাত আনর আলী চৌধুরী বাড়িতে হানা দেয়। ডাকাতেরা দরজা ভেঙে রফিক আহামদ (৬৩) ও শহীদুল্লা চৌধুরীর ঘরে ঢোকে। এ সময় বাধা দেওয়ায় তারা লোহার রড দিয়ে রফিক ও শহীদুল্লাকে পিটিয়ে আহত করে। আহত লোকজনের চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এলে ডাকাতেরা পালিয়ে যায়। যাওয়ার সময় তারা নগদ ৫০ হাজার টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে দুটি গুলি উদ্ধার করা হয়েছে। ডাকাতের হামলায় আহত রফিকের ছেলে সাহিদুর হাসান থানায় মামলা করেছেন।