হাটহাজারীতে দুই দিনব্যাপী উন্নয়ন মেলা

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গুমান মর্দ্দন ইউনিয়নে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী সমৃদ্ধি উন্নয়ন মেলা। বেসরকারি সংস্থা ঘাসফুলের ‘সমৃদ্ধি’ কর্মসূচির আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাস্থ্য ক্যাম্প, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ডায়াবেটিক স্বাস্থ্যসেবাসহ সমন্বিত বসতবাড়ি স্টল প্রদর্শনীর আয়োজন করা হয়। এ কর্মসূচি বাস্তবায়নে ঘাসফুলকে সহায়তা করছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।
১৩ নভেম্বর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মুখ্য সচিব ও পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল করিম। তিনি বলেন, প্রতিটি পরিবারে হাসি ফোটাতে কাজ করছে সমৃদ্ধি কর্মসূচি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ঘাসফুলের প্রধান নির্বাহী কর্মকর্তা আফতাবুর রহমান জাফরী, পিকেএসএফের মহাব্যবস্থাপক মো. মশিয়ার রহমান, ঘাসফুল সাধারণ পরিষদের সদস্য মনজুর উল আমিন চৌধুরী, মাঈনুল ইসলাম মাহমুদ, গুমান মর্দ্দন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে এলাকার দুজন ভিক্ষুককে পুনর্বাসনের জন্য ভ্যানগাড়ি, গাভি ও সমৃদ্ধি স্কুলের ৩৪ জন কৃতী শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়। বিজ্ঞপ্তি।